বেড়ায় বন্যায় সর্বস্বান্ত তাঁতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা গ্রামের চেনবানুর (৫৫) বাড়িতে তাঁত রয়েছে চারটি। বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় দিন দশেক আগে পরিবারের সদস্যদের নিয়ে তিনি আশ্রয় নেন এক আত্মীয়ের বাড়িতে। এখন ঘর থেকে পানি নামলেও উঠানে পানি রয়েছে। এরই মধ্যে গতকাল সোমবার পরিবারের সদস্যদের নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন।

বাড়ি ফেরার পর সবকিছু দেখে চেনবানুর মাথায় হাত। একটি বসতঘর পানির তোড়ে ধসে গেছে। বাকিগুলোও ক্ষতিগ্রস্ত। এর ওপর পানিতে ডুবে থাকায় তাঁতগুলো অকেজো হয়ে পড়েছে। কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন চেনবানু। তিনি বলেন, ‘বন্যার পানি আমাগরে পথে বসায়া দিল। বাড়ির মেয়ে-পুরুষ সবাই তাঁতের কাম করি। পানিতে তাঁত নষ্ট হয়া গেছে, বাড়িঘরের অবস্থাও খারাপ।’

চেনবানুর পরিবারের মতো একই দশা বেড়ার বন্যাকবলিত সব তাঁতির। ঈদ মৌসুমে যেখানে তাঁতিদের কর্মব্যস্ত থেকে বাড়তি আয় করার কথা, সেখানে দুই-তিন সপ্তাহ ধরে বেকার হয়ে রয়েছেন তাঁরা। তাঁতঘরে বন্যার পানি ঢুকে পড়ায় তাঁতিদের শুধু তাঁতযন্ত্রই নষ্ট হয়নি, ঋণের টাকায় কেনা রং-সুতাও নষ্ট হয়েছে অনেকের। কোনো কোনো তাঁতির তাঁতঘর ও বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েকজন তাঁতি বলেন, প্রথম দফার বন্যায় হাজার তিনেক তাঁতি ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতির সংখ্য দাঁড়িয়েছে প্রায় ১০ হাজারে। দ্বিতীয় দফার বন্যায় তাঁতসমৃদ্ধ মালদাপাড়া, পেঁচাকোলা, রাকশা, সাফুল্যাপাড়া, বাটিয়াখরা, নেওলাইপাড়া, সোনাপদ্মা, রূপপুর, খানপুরাসহ ১০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার তাঁতশ্রমিক।

গতকাল পেঁচাকোলা ও সাফুল্যাপাড়া গ্রাম ঘুরে তাঁতিদের চরম দুর্দশা প্রত্যক্ষ করা গেছে। পানি কমতে থাকায় গ্রামগুলোতে তাঁতিরা ফিরতে শুরু করেছেন। বন্যার পানিতে তাঁতঘর, তাঁতযন্ত্রসহ তাঁতের অন্যান্য উপকরণ নষ্ট হওয়ায় অনেক তাঁতিকেই হাঁ-হুতাশ করতে দেখা যায়।

 পেঁচাকোলা গ্রামে দেখা যায়, ইমরান মোল্লা ও তাঁর স্ত্রী তাঁদের তাঁতঘরটি মেরামত করছেন। ইমরান বলেন, তাঁর তাঁতঘরটি কিছুটা উঁচুতে বলে পানি নেমেছে অন্যদের তুলনায় আগে। এখনো গ্রামের দুই থেকে তিন শ তাঁতঘর পানিতে ডুবে আছে।

নতুনভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাই বলেন, ‘আমার ওয়ার্ডের ৫০০ পরিবারের সবাই বন্যাদুর্গত। পরিবারগুলোর মধ্যে তাঁতি পরিবার রয়েছে ৩০০টি।’

নতুন ভারেঙ্গা ইউনিয়ন প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি শাহ আলম বলেন, ‘এবারের বন্যায় তাঁতিরা সর্বস্বান্ত হয়ে গেছে। তাঁতিদের বাঁচাতে সরকারের উচিত জরুরি ত্রাণ সহায়তা দেওয়া। পাশাপাশি তাঁতিরা যাতে আবারও কাজ শুরু করতে পারে, এ জন্য তাদের বড় অঙ্কের ঋণ সুবিধার ব্যবস্থাও করা উচিত।’