বেড়ার গ্রামে গ্রামে ডাকাত আতঙ্ক
পাবনার বেড়া উপজেলার ঢালার চর ও এর আশপাশের ইউনিয়নের প্রায় ৩৫ গ্রামের লোকজন ডাকাত আতঙ্কে ভুগছেন। এসব গ্রামের যুবক ও তরুণেরা ১২ দিন ধরে রাত জেগে পাহারা দিচ্ছেন।
এলাকাবাসী ও বেড়া থানা-পুলিশ সূত্র জানায়, নদীবেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরে উপজেলার ঢালার চর এলাকাটি চরমপন্থী অধ্যুষিত ছিল। ২০১০ সালের ২০ জুলাই উপজেলার মাসুমদিয়া ও ঢালার চর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা রাজধরদিয়া গ্রামে চরমপন্থীদের আক্রমণে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য নিহত হন। এরপর থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযানে নামে পুলিশ। অভিযানে কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়, কয়েকজন বন্ধুকযুদ্ধে নিহত হন। অন্যরা পালিয়ে যান এলাকা ছেড়ে। এতে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০১৩ সালের জুন মাসে আমিনপুর থানার কার্যক্রম শুরু হয়।
এলাকাবাসী সূত্র জানায়, আমিনপুর থানা চালু হওয়ার পর কিছুদিন এলাকার পরিস্থিতি ভালো ছিল। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই ঢালার চরের পাশে শ্যামপুর, মহিষাকোলা ও আমিরাবাদসহ কয়েকটি গ্রামে সন্ত্রাসীরা সশস্ত্র মহড়া দেয়। ৪ জুলাই মহিষাকোলা গ্রামের দুটি বাড়িতে ডাকাতিও হয়। এরপর থেকে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়।
বর্তমানে উপজেলার অধিকাংশ গ্রামের লোকজন নির্ঘুম রাত কাটাচ্ছেন। মাসুমদিয়া ইউনিয়ন, রূপপুর ইউনিয়ন, সাগরকান্দি ইউনিয়ন, রানীনগর ইউনিয়নের ৩৩টি গ্রামের লোকজন রাত জেগে পাহারা দিচ্ছেন। গ্রামবাসী বিভিন্ন দলে ভাগ হয়ে পালাক্রমে পাহারার কাজ করছেন।
ভুরকুলিয়া গ্রামের সুজন ইসলাম বলেন, সন্ধ্যা নামলেই গ্রামগুলোতে ডাকাতের ভয়ে কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। জানমাল নিয়ে সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মাসুমদিয়া গ্রামের সাখাওয়াত হোসেন মৃধা বলেন, পবিত্র রমজান মাসে একটি রাতও গ্রামের লোকজন শান্তিতে কাটাতে পারেননি। প্রতি রাত ভয়ে ভয়ে পার করতে হয়েছে। পাইকান্দি গ্রামের ইউসুফ আলী বলেন, ‘ডাহাতির ভয়ে গিরামের মানুষ অসুস্থ হয়া যাচ্ছে। যেসব বাড়ির ছাওয়াল শহরে থাকে ডাহাতির ভয়ে ঈদি তারা আর বাড়িত আসপের চাচ্ছে না।’
মাসুমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে তাঁরাও চিন্তিত। গ্রাম-পুলিশদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। থানা-পুলিশও টহল জোরদার করেছে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার বলেন, ‘আমরা এলাকাগুলোকে কঠোর নজরদারির মধ্যে রেখেছি। প্রতিনিয়ত পুলিশ টহল দিচ্ছে।’
এ প্রসঙ্গে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বলেন, এলাকাগুলোতে চরমপন্থীসহ রাজনৈতিক কিছু জটিলতা আছে। পুলিশ তদন্ত করে সমস্যাগুলো চিহ্নিত করেছে। সেই সঙ্গে কিছু বিশেষ পরিকল্পনাও নেওয়া হচ্ছে।