বেড়ার ঘরে পাঠদান, দোকানে শিক্ষক মিলনায়তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়বড়ে বেড়ার ঘরে পাঠদান চলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের  প্রথম আলো
নড়বড়ে বেড়ার ঘরে পাঠদান চলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রথম আলো

ফেনীর সোনাগাজী উপজেলার চর মজিলিশপুর ইউনিয়নের চান্দলা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি তিন বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পরিত্যক্ত ঘোষণা করলেও বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানে চলছে পাঠদান। আর বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন ও কার্যালয় চলছে পাশের একটি ভাড়া করা দোকানঘরে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, গত তিন বছরে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন পাটোয়ারী জানান, গত জানুয়ারিতে বিদ্যালয়টিকে সরকারীকরণ করা হয়েছে। বর্তমানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৬০ জন শিক্ষার্থী রয়েছে। ১৯৮২ সালে স্থানীয় কয়েকজন বিদ্যালয়টির জন্য ৬২ শতক জমি দান করেন। শুরুতে এটি ছিল বেসরকারি বিদ্যালয়। ১৯৯৫ সালে এটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ওই বছরই তিন লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে তিন কক্ষের একটি একতলা ভবন নির্মাণ করা হয়। কিন্তু কাজের মান খারাপ হওয়ায় ১৫ বছর পর ২০১০ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটি পরিত্যক্ত ঘোষণা করে।
সরেজমিনে দেখা গেছে, ভবনের সবগুলো দরজা-জানালা ভেঙে গেছে, খসে পড়ছে পলেস্তারা। কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনেও পাঠদান করতে হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকার লোকজন তাঁদের শিশুদের এখানে পাঠাতে চান না। প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক ঝুঁকি নিয়ে পাঠদান করছেন। বর্তমানে টিনের ছাউনি দেওয়া একচালা বেড়ার ঘরে চলছে পাঠদান।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা বলে, ‘একটু জোরে বৃষ্টি হলে শ্রেণীকক্ষে পানি ঢুকে পড়ে। সেখানে গাদাগাদি করে বসতে হয়। এখন বিদ্যালয়ে যেতে ভালো লাগে না।’
স্থানীয় চর মজিলিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম তকি বলেন, বিদ্যালয়টির দুরবস্থার কথা উপজেলা উন্নয়ন সমন্বয় সভাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।
সোনাগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহি উদ্দিন বলেন, বর্তমানে বিদ্যালয় ভবনটিতে শ্রেণী কার্যক্রম চালানোর মতো কোনো অবস্থা নেই। বৃষ্টি হলে সেখানে পাঠদান করা যায় না।
সোনাগাজী উপজেলা প্রকৌশলী মো. তফাজ্জল হোসেন ভূঞা বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে নাজুক পরিস্থিতি দেখতে পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি।’