বেড়ার নদ-নদীতে এখনো পাওয়া যাচ্ছে মা-ইলিশ
ইলিশ শিকার নিষেধের সময়সীমা শেষ হয়েছে ৯ অক্টোবর। কিন্তু গত তিন দিনে পাবনার বেড়া উপজেলার হুরাসাগর, পদ্মা ও যমুনা নদ-নদী থেকে শিকার করা বেশির ভাগ ইলিশের পেটে ডিম দেখা গেছে বলে জানা গেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম নির্ধারণ করে। এ সময়ে সারা দেশে ইলিশ শিকার, বিপণন, সরবরাহ ও মজুত করা নিষিদ্ধ করা হয়। অন্যান্য জায়গার মতো বেড়া উপজেলার হুরাসাগর, পদ্মা ও যমুনা নদ-নদীর বিভিন্ন পয়েন্টে প্রশাসনের পক্ষ থেকে মা-ইলিশ রক্ষায় অভিযান চালানো হয়। এ সময় ইলিশ শিকার ও বিক্রির সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে জরিমানা করা হয়। জব্দ করা হয় প্রচুর ইলিশ।
তিন দিন ধরে যেসব ইলিশ ধরা পড়ছে, সেগুলোর বেশির ভাগের পেটে ডিম আছে বলে জানান জেলেরা। সপ্তাহ খানেকের মধ্যে এসব ইলিশের বেশির ভাগেরই ডিম ছাড়ার সম্ভাবনা ছিল। বেড়া পৌর এলাকার পায়না মহল্লার বাসুদেব হালদার বলেন, ‘দুই দিন ধইরা ইলিশ মারা শুরু করছি। ধরা পড়া ইলিশের বেশির ভাগের প্যাটে ডিম আছে।’
বেড়া বাজারের ইলিশবিক্রেতা ভজন হালদার ও সন্তোষ হালদার বলেন, যেসব ইলিশ এখন ধরা পড়ছে, সেগুলোর অধিকাংশই ডিমওয়ালা।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার বলেন, তিন দিন ধরে নদ-নদীতে যেসব ইলিশ ধরা পড়ছে, সেগুলোর বেশির ভাগের পেটে ডিম রয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। তাঁর মতে, সাগরের নিকটবর্তী নদীর ইলিশের সঙ্গে বেড়ার ইলিশের প্রজনন মৌসুমের কিছুটা পার্থক্য রয়েছে। সাগর থেকে এ এলাকায় ইলিশ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসে। কাজেই সাগরের নিকটবর্তী নদীর ইলিশের তুলনায় এ উপজেলার নদ-নদীর ইলিশ ডিম ছাড়ে কিছুটা দেরিতে।