বেড়ার বন্যাকবলিত তাঁতিরা সর্বস্বান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িঘর থেকে বন্যার পানি নেমে গেছে সপ্তাহ খানেক আগে। কিন্তু এখনো বন্ধ তাঁতগুলো চালু করতে পারেননি পাবনার বেড়া উপজেলার বন্যাকবলিত অনেক তাঁতি। কারণ, বন্যার পানিতে তাঁতযন্ত্রগুলো অকেজো হয়ে গেছে। অকেজো তাঁতযন্ত্রগুলো মেরামত করার মতো আর্থিক সংগতি নেই তাঁদের। এর ওপর রং-সুতা কিনে তাঁত চালু করার মূলধন পাবেন কোথায়? অবশ্য কোনো কোনো তাঁতি চড়া সুদে ঋণ নিয়ে কিছু তাঁত চালু করলেও তা তাঁদের জন্য আরেক বিপদ ডেকে এনেছে। কারণ, হাটে কাপড়ের দাম কমে যাওয়ায় ব্যাপক লোকসান দিতে হচ্ছে তাঁদের।
বেড়া উপজেলা মাধ্যমিক তাঁতি সমিতির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার বলেন, কাপড়ের দাম পড়ে যাওয়ায় তাঁতিদের উৎপাদন খরচই উঠছে না। ফলে এমনিতেই তাঁতশিল্প এখন ধ্বংসের মুখে। এর ওপর এবারের বন্যা উপজেলার অন্তত ১০ হাজার তাঁতিকে একেবারে সর্বস্বান্ত করে দিয়েছে। সরকারের উচিত বন্যাকবলিত তাঁতিদের অনুদান অথবা সহজ শর্তে ঋণ দিয়ে তাঁদের পাশে দাঁড়ানো।
জানা যায়, এবারের বন্যায় বেড়া উপজেলার মালদাপাড়া, পেঁচাকোলা, রাকশা, সাফুল্যাপাড়া, বাটিয়াখরা, নেওলাইপাড়া, সোনাপদ্মা, রূপপুর, খানপুরাসহ তাঁতসমৃদ্ধ অন্তত ১০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। এতে গ্রামগুলোর প্রায় পাঁচ হাজার তাঁত বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারেরও বেশি তাঁতশ্রমিক বেকার হয়ে পড়েন।
গত কয়েক দিনে বাড়িঘর থেকে বন্যার পানি নেমে গেলেও বন্যাকবলিত এলাকার তাঁতিদের দুর্গতি এখনো কাটেনি। বন্যার পানিতে ডুবে থাকায় তাঁদের তাঁতযন্ত্রসহ বিভিন্ন তাঁতসামগ্রী অকেজো হয়ে যায়। তাঁতিরা জানান, অকেজো তাঁত মেরামতের জন্য অর্থের প্রয়োজন। বন্যার সময় বেকার হয়ে বসে থাকায় অনেকেই মূলধন ও জমানো টাকা ভেঙে খেয়েছেন। এ অবস্থায় কোথা থেকে পেটের ভাত জোগাড় হবে আর কোথা থেকে তাঁত চালুর টাকা আসবে তা ভেবে তাঁরা দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
গত সোমবার তাঁতসমৃদ্ধ পেঁচাকোলা গ্রামে গিয়ে তাঁতিদের চরম দুর্ভোগ লক্ষ করা যায়। গ্রামের বেশির ভাগ বাড়িঘর থেকে পানি নেমে গেলেও এখনো তেমনভাবে শুরু হয়নি তাঁতের কাজ। বেশ কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁতিরা অকেজো তাঁতযন্ত্র ও ক্ষতিগ্রস্ত তাঁতঘর মেরামতের চেষ্টা করছেন। গ্রামের নাজমা খাতুন (২৭) জানান, তাঁর বাড়িতে একটি মাত্র তাঁত ছিল। এ তাঁতে তিনি নিজেই লুঙ্গি তৈরি করতেন। বন্যার পানিতে তাঁতটি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় সেটি বাড়ির এক কোণে ফেলে রেখেছেন। নাজমা বলেন, ‘ঘরে চাইল নাই, নতুন তাঁত কেনবো কী দিয়্যা? এখন অন্যের বাড়িত কাম কইর্যা খাওয়া ছাড়া উপায় নাই।’
এদিকে ঘুরে দেখা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো কোনো তাঁতি চড়া সুদে ঋণ নিয়ে তাঁত চালু করার পর নতুন বিপদে পড়েছেন। এসব তাঁতি উৎপাদিত তাঁতসামগ্রী হাটে নিয়ে লাভ তো দূরের কথা বড় ধরনের লোকসানে বিক্রি করছেন। পেঁচাকো৩লা গ্রামের ওসমান গনি বলেন, ‘বন্যায় অকেজো হওয়া চারটি তাঁত মেরামত করে অনেক আশা নিয়্যা চালু করছিল্যাম। ভাবছিল্যাম ঈদ ও পূজা উপলক্ষে হয়তো ভালোই লাভ হবি। কিন্তু হইছে উল্টা। এক থান (চারটি) লুঙ্গি বানাতি খরচ হইছে ৭৫০ টাকা। অথচ আইজক্যার (৮ সেপ্টেম্বর) হাটে এই লুঙ্গির দাম কইছে ৬৫০ টাকা। বাধ্য হয়া লুঙ্গি ফেরত আনছি। এখন যে ঋণের টাকায় তাঁত চালু করছি তা কীভাবে শোধ করব সেই চিন্ত্যায় অস্থির হয়া আছি।’
বাংলাদেশ তাঁত বোর্ডের সাঁথিয়া বেসিক সেন্টারের লিয়াজোঁ কর্মকর্তা এবাদত হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের জন্য জরুরিভিত্তিতে অনুদানের প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।