বেড়ার সড়ক চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার অভ্যন্তরীণ বেশির ভাগ সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বাড়ছে দুর্ঘটনা ও জনভোগান্তি।
নাকালিয়া-নাটিয়াবাড়ী সড়কে চলাচলকারী সজীব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক শহীদুল মোল্লা বলেন, ‘২৫ মিনিটের এই রাস্তা পার হতি এক ঘণ্টা লাগে। যাতায়াতের সময় ঝাঁকিতে গাড়ির সঙ্গে প্যাসেঞ্জারের নাট-বল্টুরও খবর হয়া যায়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বেড়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল কুদ্দুস বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ ব্যাপারে প্রাক্কলন তৈরি করে মেরামতের কাজ শুরু হবে।’
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ডাকবাংলা-মোহনগঞ্জ-পেঁচাকোলা ও নাকালিয়া-নাটিয়াবাড়ী সড়কের অনেক স্থানেই ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দুটিতে অত্যন্ত ঝুঁকি নিয়ে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। ভাঙাচোরা অবস্থার কারণে প্রায়ই সড়ক দুটির বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটছে।
মোহনগঞ্জ তিনমাথা মোড়ে দেখা যায়, সড়কের বেশ খানিকটাজুড়ে প্রায় এক ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। সেখানে পানি জমে আছে। ওই স্থানের পাশে মনিহারি দোকানের মালিক মোতালেব আলী বলেন, ‘মোড়ের মাঝখানে গর্ত হওয়ায় প্রায়ই এখানে বাস-ট্রাক, নছিমন-করিমন আটকা পড়ে। এ ছাড়া মাঝেমধ্যেই গর্তের মধ্যে নছিমন-করিমন, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন উল্টে পড়ে।’
করিমনচালক বাবু বলেন, ‘পুরা রাস্তাই খারাপ। তার মধ্যে এই তিনমাথা মোড়ে আলি জান শুকায়া যায়। এহানে আমি দুই-তিনবার উল্টানি খাইছি।’
উপজেলার গুরুত্বপূর্ণ নাকালিয়া-নাটিয়াবাড়ী সড়কের অবস্থাও বেশ খারাপ। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বহু গর্তে খোয়া ফেলে সংস্কারের চেষ্টা করা হলেও তাতে সুফল মেলেনি।
এদিকে বেড়া পৌর এলাকার প্রধান সড়কসহ বেশ কয়েকটি সড়কের অবস্থাও বেহাল। সড়কগুলোর বিভিন্ন স্থানের মধ্যে ফকির আটাকল, কানাইবাড়ী মোড় (উপজেলা সড়ক), থানা মোড় (ডাকবাংলা সড়ক) অংশের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ স্থানগুলোতে সৃষ্টি হওয়া গর্তে প্রায়ই দুর্ঘটনা ঘটছে ও যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পৌর এলাকার হাতিগাড়া মহল্লার রিকশাচালক বুলবুল হোসেন বলেন, ‘কানাইবাড়ী মোড় ও ফকির আটাকলের সামনের সড়কে রিকশা চালাব্যার
গেলি গায়ে জ্বর আসে। এই সড়ক সারার কি কেউ নাই?’
বেড়া পৌরসভার কাউন্সিলর হবিবর রহমান বলেন, ‘বৃষ্টির জন্য পৌর এলাকার কিছু সড়ক ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় টাকা আমাদের হাতে আছে। আগামী দুই মাসের মধ্যে পৌর এলাকার সব রাস্তার মেরামত সম্পন্ন হবে।’