বেড়ায় শতাধিক পরিবারের বসতভিটা যমুনায় বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় যমুনার তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। দুই সপ্তাহের ভাঙনে উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের দুটি গ্রামের শতাধিক পরিবার বসতভিটা ও ফসলি জমি হারিয়েছে। হুমকির মুখে রয়েছে জেলার বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান।
একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ভাঙনকবলিত লোকজনকে সামান্য সাহায্য দেওয়া হলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত তারা সরকারি কোনো সহায়তা পায়নি। ভাঙন অব্যাহত থাকায় গ্রাম দুটি সম্পূর্ণ বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, ভাঙনে গণপোতাদিয়া ও মুন্সীগঞ্জ গ্রামের শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এসব পরিবার রাস্তার পাশে ও আশপাশের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে।
মুন্সীগঞ্জ গ্রামের আজিজুল ইসলাম বলেন, ‘কামলার কাম কইর্যা খাই। থাকার মধ্যে দুইখান ঘর আর ভিটাডা ছিল। পাঁচ-ছয় দিন আগে সবকিছু গাঙে যাওয়ার পর এখন এই চকে (উঁচু জায়গা) পলিথিন টাঙায়া থাকি। বৃষ্টি হলি ভেজা লাগে। এখন আমরা কনে যাব?’
এদিকে ভাঙন অব্যাহত থাকায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে জেলা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৮০০ মিটারের মধ্যে ভাঙন এসে পড়েছে। এ ছাড়া প্রায় ৫০০ মিটারের মধ্যে রয়েছে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধুপুর দাখিল
মাদ্রাসা। এলাকাবাসীর আশঙ্কা, যেভাবে ভাঙন চলছে, তাতে কিছুদিনের মধ্যে ওই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নদীতে বিলীন হতে পারে।
পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম মনজেল হোসেন বলেন, ‘ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মানবেতর জীবন যাপন করছে। তাদের সহায়তার জন্য উপজেলা পরিষদে আবেদন জানানো হয়েছে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও বলা হয়েছে।’
বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের বলেন, ‘গত মাসের (জুন) শেষের দিকের ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সহায়তার প্রয়োজন হলেও বরাদ্দ না থাকায় আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছি না। আর ভাঙন রোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন দেখা দিলেও পাউবো কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবিবুর রহমান বলেন, ‘বর্ষা মৌসুম হওয়ায় ভাঙন রোধে আপাতত কোনো কর্মসূচি নেই। বরাদ্দ পেলে আগামী শুকনো মৌসুমে ব্যবস্থা নেওয়া হবে।’