বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ১৫ সংগঠনের মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার উপকূলের ভাঙা বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ রোববার বেলা ১১টায় শহরের প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাপাসহ (বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন) ১৫টি বেসরকারি সংগঠন।
মানববন্ধন আয়োজকদের সমন্বয়ক অধ্যাপক মকবুল আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাঁচার অধিকার মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু কক্সবাজার উপকূলের প্রায় ১৫ লাখ মানুষ এই অধিকার থেকে বঞ্চিত। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভাঙা বেড়িবাঁধ দিয়ে জেলার অন্তত ৭০টি গ্রামে জোয়ারের প্লাবন চললেও এ নিয়ে কারও মাথাব্যথা নেই। তাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভাঙা বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আমরা মাঠে নেমেছি।’
বাপা জেলার কমিটির আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী বলেন, পাউবোর ভাঙা বেড়িবাঁধ নির্মাণের বিপরীতে প্রতিবছর শতকোটি টাকার লুটপাট চলে। ফলে সাধারণ মানুষকে দুর্ভোগের কবলে পড়তে হচ্ছে। জেলার ২৪ লাখ মানুষ চান সেনাবাহিনীর তত্ত্বাবধানেই উপকূলের বেড়িবাঁধ নির্মিত হোক।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নিচ্ছে বাপা, পরিবেশ সাংবাদিক ফোরাম, কোস্ট ট্রাস্ট, গণস্বাস্থ্য, মুক্তি, বাংলা জার্মান সম্প্রীতি, রিক, পালস বাংলাদেশ, ইপসাসহ ১৫টি সংগঠন।
মকবুল আহমদ বলেন, ‘আমরা অনুসন্ধান চালিয়ে দেখেছি, সাগরদ্বীপ কুতুবদিয়ার ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় সাত কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে ৩০টি গ্রাম প্লাবিত হচ্ছে। মহেশখালী উপজেলার ধলঘাটার ২৮ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে চার কিলোমিটার, টেকনাফের ৩২ কিলোমিটার বাঁধের মধ্যে ছয় কিলোমিটার ভেঙে ২৬টি গ্রাম প্লাবিত হচ্ছে। বর্ষার আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব ভাঙা বাঁধ তৈরি না হলে শত শত মানুষের জীবন বিপন্ন হবে।
অনুসন্ধানে জানা গেছে, গত সাত দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফ উপজেলার ৬০টির বেশি গ্রাম প্লাবিত হচ্ছে। জোয়ারের পানি ঢুকে ইতিমধ্যে কয়েকটি গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে।
পাউবোর সূত্র জানায়, জেলার আটটি উপজেলায় পাউবোর প্রায় ২০০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। উত্তাল জোয়ারের পানিতে এসব বাঁধ ভেঙে যাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় ভাঙা বাঁধ মেরামত সম্ভব হচ্ছে না।
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, জোয়ারের পানিতে ইতিমধ্যে উপজেলার আটটি গ্রামের প্রায় ২০০ ঘরবাড়ি তলিয়ে গেছে। উপজেলার উত্তর ধুরুং, ফয়জনিরবাপের পাড়া, সতরউদ্দিন, চর ধুরুং, আকবরবলী পাড়া, বাতিঘর পাড়া, আলী ফকির ডেইল, মতিরবাপের পাড়া, বিন্দাপাড়া, মহাজনপাড়া, তাবলরচর, আনিচের ডেইলসহ ২৩ গ্রাম প্লাবিত হচ্ছে।
টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ বলেন, জোয়ারের পানিতে শাহ পরীর দ্বীপ, কাটাবুনিয়া, সাবরাং, মহেশখালিয়াপাড়াসহ ১৬টি গ্রাম প্লাবিত হচ্ছে।
একইভাবে মহেশখালী উপজেলার মাতারবাড়ি, রাজঘাট, হোয়ানক, ধলঘাটা, চরপাড়া; পেকুয়া উপজেলার কাকপাড়া, মড়নামা, উজানটিয়া; উখিয়া উপজেলার মনখালী, ইনানী, ছেপটখালীসহ অন্তত ২২টি গ্রাম প্লাবিত হচ্ছে।