বেড়িবাঁধ নেই জোয়ারের পানিতে ভাসেন তাঁরা
আকাশে কালো মেঘ বা জোয়ারের পানি বাড়তে দেখলেই পটুয়াখালীর দক্ষিণ বিঘা আবাসনের ৯০টি পরিবারের বাসিন্দাদের মুখ শুকিয়ে যায়। বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ না থাকায় প্রাকৃতিক দুর্যোগ বা বর্ষা মৌসুমে জোয়ারে নদীর পানি বেড়ে প্লাবিত হয় তাদের ঘর।
সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের পায়রা নদী পাড়ে আবাসন প্রকল্পটি অবস্থিত।
আবাসন প্রকল্পের বাসিন্দারা জানান, ২০০৫ সালে আবাসনটি গড়ে তোলা হলেও বন্যা, জলোচ্ছ্বাস থেকে এখানকার মানুষকে রক্ষায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়নি। সিডরের সময় জলোচ্ছ্বাসে এই আবাসনের পাঁচ শিশুসহ ছয়জন প্রাণ হারায়। বিধ্বস্ত হয় ৪০টি ঘর।
ঘূর্ণিঝড় মহাসেনের পর গত ৩০ মে সরেজমিনে দেখা যায়, পূর্ণিমা ও নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি আবাসনের চারদিকে থই থই করছে। আবাসন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান জানান, এখানে ৯০টি পরিবারকে ঘর বরাদ্দ দেওয়া হলেও সিডরের পর থেকে ৪০টি পরিবার নিয়মিত থাকে না। অস্বাভাবিক জোয়ার বা জলোচ্ছ্বাস হলে পরিবারগুলো অন্যত্র চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার তারা ফেরে। আবাসন প্রকল্পের ঘরগুলোর টিনে মরিচা ধরেছে। এখানে শতাধিক শিশু রয়েছে। জলোচ্ছ্বাস ছাড়াও পানি বাড়লেই বড় ভয় এই শিশুদের নিয়ে।
আবাসনের ১ নম্বর ব্যারাকের ৭ নম্বর কক্ষের বাসিন্দা পারুল বেগম (৩৫)। তিনি ঘরের দুয়ারে বসেছিলেন। সিডরের সময় জলোচ্ছ্বাস তাঁর ঘরের ওপর দিয়ে গেছে। ওই জলোচ্ছ্বাস কেড়ে নেয় তাঁর তিন বছরের ছেলে কাওসারকে। পারুল জানান, এখন জোয়ারের পানি আবাসনে ঢুকছে। এক সন্তান হারিয়েছেন। তাঁর ১১ বছরের আরেকটি সন্তান আছে। তাকে নিয়ে এখন যত আতঙ্ক।
বড় বিঘাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছত্তার গাজী বলেন, বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ না থাকায় প্রতিবছরই বর্ষায় আবাসন প্লাবিত হয়। আবাসনের লোকজনকে জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে নদীর পাড়ে বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) একাধিকবার আবেদন করা হয়েছে।
পাউবো পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, বিষয়টি তাঁরা অবগত আছেন। শিগগিরই এখানে বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।