বেড়িবাঁধ ভেঙে গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাকলা এলাকায় গত শনিবার রাতে ২০০ ফুট বেড়িবাঁধ কপোতাক্ষ নদের প্রবল জোয়ারে ভেঙে গেছে। এতে চাকলা গ্রামের শতাধিক ঘরবাড়ি ডুবে গেছে। ভেসে গেছে ২০০ বিঘার মাছের ঘের।
গতকাল রোববার সকাল থেকে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে দুই শতাধিক এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধটি সংস্কারের চেষ্টা চালান। তবে পানির তোড়ে রিং বাঁধ ভেঙে আবার লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।
আশাশুনির প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কপোতাক্ষ নদের চাকলা বেড়িবাঁধের এক কিলোমিটার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও সংস্কারের উদ্যোগ নেয়নি। তিনি জানান, এ ভাঙনের ফলে শূভাদ্রাকাটি, তালতলা, রুয়েরবিলসহ নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২-এর শাখা কর্মকর্তা গোলাম সরোয়ার জানান, চাকলায় বাঁধ ভেঙে যাওয়ার খবর শুনে তিনি সেখানে যান। ওই এলাকা আগে ঝুঁকিপূর্ণ ছিল। এ বাঁধ সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।