বেড়িবাঁধ ভেঙে জিয়ানগর পল্লি পানির নিচে
বেড়িবাঁধ ভেঙে রাজশাহী সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগর পল্লি পদ্মা নদীর পানিতে তলিয়ে গেছে। পল্লির হাজার খানেক পরিবার এখন মূল শহর রক্ষা বাঁধ ও বসরি এলাকার বাঁধে আশ্রয় নিয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত রোববার দিবাগত রাতের কোনো এক সময় বাঁধ ভেঙে পানি পল্লিতে ঢোকে। শেষ রাতের দিকে তাঁরা বিষয়টি টের পান। তখন থেকে পরিবার-পরিজন নিয়ে তাঁরা বাঁধে উঠে আসতে শুরু করেন। গতকাল সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, জিয়ানগর পল্লির অনেক বাড়ির চালা পর্যন্ত পানি উঠে গেছে। পল্লির বাসিন্দারা চরম বিড়ম্বনায় পড়েছে।
পল্লির বাসিন্দারা জানান, ১০-১২ বছর আগে সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মিজানুর রহমান এখানে ছিন্নমূল মানুষকে জায়গা করে দিয়েছিলেন এবং এলাকার নামকরণ করেছিলেন জিয়ানগর। কিন্তু এ পল্লির কোনো উন্নয়ন করা হয়নি। তারা মূল শহর রক্ষা বাঁধের বাইরে পড়ে আছে। স্থানীয়রাই উদ্যোগ নিয়ে একটি বেড়িবাঁধ নির্মাণ করেছিলেন। সেটিও এবার ভেঙে গেছে।
রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র শরিফুল ইসলাম বলেন, পল্লির লোকজনের আশ্রয়ের জন্য এলাকার পাঁচটি বিদ্যালয়ে জায়গার ব্যবস্থা করা হয়েছে।