বেড়িবাঁধ ভেঙে শতাধিক চিংড়িঘের প্লাবিত
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজার চিলখালী এলাকায় ৫০০ ফুট বেড়িবাঁধ ভেঙে কমপক্ষে ৮০টি চিংড়িঘের প্লাবিত হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এতে প্রায় এক কোটি ৬০ লাখ টাকার চিংড়ি ভেসে গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার দুপুর ১২টায় জোয়ারের পানিতে চিলখালী এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়। এতে কমপক্ষে ৮০টি চিংড়িঘের প্লাবিত হয়। এ ছাড়া চিলখালী, লম্বাখালী, ছিরাদিয়া এলাকার কমপক্ষে ৫০টি বসতঘর পানিতে তলিয়ে যায়।
চিংড়ি প্রক্রিয়াজাত কেন্দ্র দরবেশকাটা এন্টারপ্রাইজের পরিচালক শহিদুল ইসলাম বলেন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে তাঁর ৪০ একর আয়তনের চিংড়িঘেরসহ কমপক্ষে ৮০টি ঘের জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
এদিকে পেকুয়া উপজেলার মগনামা ও উজানটিয়া ইউনিয়নের কমপক্ষে ১০টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ২০টি চিংড়িঘের ও দেড় শতাধিক বসতঘর জোয়ারের পানিতে তলিয়ে গেছে।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, উজানটিয়ার সৈকতবাজার, রূপালীবাজার, টেকপাড়া, ফেরাসিঙ্গাপাড়া, কইড়াবাজারপাড়া, করিয়ারদিয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে।