কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ কামাল। গতকাল বুধবার দিনভর তিনি চকরিয়ার ঢেমুশিয়া, কোনাখালী ও বিএমচর এবং পেকুয়ার মগনামা, উজানটিয়া ও সদর ইউনিয়নে দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। দুর্গত মানুষ তাঁর কাছে বন্যা ও জোয়ারের পানিতে ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান।
ত্রাণ বিতরণের পাশাপাশি কোনাখালী ইউনিয়নের বটতল স্টেশন এলাকায় আলোচনা সভায় অংশ নেন ভারপ্রাপ্ত সচিব মো. শাহ কামাল। বক্তব্য দেন ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক রিয়াজ উদ্দিন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার ও বিএমচর ইউপি চেয়ারম্যান বদিউল আলম।
চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, এলাকার মানুষ এক মাসের ব্যবধানে পরপর দুবার বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেড়িবাঁধ ভাঙা থাকায় লোকালয়ে জোয়ার-ভাটা চলছে। মহাসড়কের ওপর তাঁবু টানিয়ে এখনো আশ্রয়ে আছেন অন্তত পাঁচ হাজার মানুষ। মানুষ টেকসই বেড়িবাঁধ চায়।
বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান বদিউল আলম বলেন, ‘আমাদের জন্য টেকসই বেড়িবাঁধ করে দিন। মানুষ অন্তত বসতঘরহারা হবে না, শান্তিতে বসবাস করতে পারবে।’
ভারপ্রাপ্ত সচিব মো. শাহ কামাল বলেন, ‘এখন যাঁরা ত্রাণ পাচ্ছেন, তাঁদের ফসল ঘরে না ওঠা পর্যন্ত ত্রাণ দেওয়া হবে। যাঁরা বসতঘর হারিয়েছেন, তাঁদের ঘর নির্মাণে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে বলে এ উপকূলে টেকসই বেড়িবাঁধও করে দেওয়া হবে।’