বেড়িবাঁধ সড়কে যাত্রীবাহী যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বেড়িবাঁধ (বাবুবাজার-আমিনবাজার) সড়কটি সংস্কারের দাবিতে গতকাল সোমবার থেকে সব ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাবুবাজার থেকে গাবতলী পর্যন্ত চলাচলকারী ব্রাদার্স পরিবহন, যানযাবিল পরিবহন কর্তৃপক্ষ এবং লেগুনার মালিকেরা এ ঘোষণা দেন।
পরিবহন মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখা হবে।
বেড়িবাঁধ সড়কটি প্রায় চার বছর ধরে মেরামত না করায় বৃষ্টি হলেই হাঁটুপানি জমে থাকে। আর অন্য সময় ওড়ে ধুলাবালি। এতে করে সারা বছরই এ পথে যারা চলাচল করে, তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া বাদামতলী ফলের বাজার থেকে কিল্লার মোড় পর্যন্ত (প্রায় তিন কিলোমিটার) সড়কটির অবস্থা সবচেয়ে শোচনীয়। পুরো সড়কটিতেই কাদা-পানির মাখামাখি। ইট-পাথর নেই বললেই চলে। আর বড় বড় গর্তে হাঁটুপানি জমে কিছু অংশ মরণফাঁদে পরিণত হয়েছে। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছিল।
খোঁজ নিয়ে জানা যায়, সদরঘাট থেকে গাবতলী যাওয়ার বিকল্প পথ হিসেবে পরিচিত ছিল বেড়িবাঁধের সড়ক। কারণ, এ সড়কে সদরঘাট থেকে গাবতলী যেতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ নৌপথে এ সড়ক ব্যবহার করে। এ ছাড়া পুরান ঢাকার শ্যামবাজার, বাদামতলীবাজার ও চকবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য এ পথে আনা-নেওয়া করার কারণে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
আমিনবাজার এলাকার সেলিম মিয়া (৫২) জানান, প্রতিদিন সকাল-সন্ধ্যা ওই পথে যাতায়াত করতে হয়। এতে সময় ও টাকা দুটিই বাঁচে। কিন্তু আজ (গতকাল) সোমবার ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক বিপদে পড়তে হচ্ছে।
যানবাহন চলাচল বন্ধ থাকায় গতকাল যাত্রীদের অনেকে মালবাহী পিকআপে যাতায়াত করেছে।
যানযাবিল পরিবহনের ব্যবস্থাপক মো. আনসার ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ সড়কে ব্রাদার্স পরিবহন, যানযাবিল, লেগুনাসহ প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। প্রায় প্রতিদিনই গড়ে একটি বাস গর্তে পড়ে যায়। এ ছাড়া কাদা-পানি গাড়ির মেশিনে ঢুকে যায়। ফলে এ সড়কের সব গাড়ির মেশিনই বিকল হওয়ার উপক্রম। তাই সড়কটি মেরামত না করা পর্যন্ত যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে মালবাহী যান চলাচল করবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
কবে নাগাদ সড়কের মেরামতকাজ শুরু হবে, তা জানতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৪) আবুল কালাম মোহাম্মদ আযাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।