বেড়িবাঁধে ধস, তালায় দুই শতাধিক পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদের পাড়ে কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত বেড়িবাঁধ ধসে দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত শুক্রবার রাতে জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের মীরপাড়া মোড় এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, তিনি ধসে যাওয়া বাঁধ এলাকা থেকে ঘুরে এসে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে তা মেরামতের নির্দেশ দিয়েছেন। মেরামতের কাজ চলছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, বাঁধ ধসে যাওয়ার খবর শুনে তিনি সেখানে গিয়েছিলেন। ওই এলাকার দুই শতাধিক পরিবার নতুন করে পানিবন্দী হয়ে পড়েছে। বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
ওই ইউপির চেয়ারম্যান এম মফিদুল হক বলেন, বাঁধটি যথাযথভাবে নির্মাণ করা হয়েছে। কপোতাক্ষ নদ দিয়ে উজানের পানি প্রবাহিত হতে না পারায় পানির প্রবল চাপে বাঁধ ধসে পড়ছে। প্রাথমিকভাবে মেরামতের কাজ করা হয়েছে। এভাবে পানির চাপ বাড়তে থাকলে বাঁধ রাখা সম্ভব হবে না। কপোতাক্ষ খনন ছাড়া এর বিকল্প কোনো উপায় নেই।
শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, কানাইদিয়া গ্রামের মীরপাড়া মোড়ে বেড়িবাঁধের প্রায় ৬০ ফুট ধসে গেছে। ওই ভাঙা অংশ দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। কানাইদিয়া এলাকার মীরপাড়া, গাজীপাড়া, কারিগরপাড়া, মোল্লাপাড়া ও শেখপাড়া ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পানিবন্দী মানুষ সাঁকো তৈরি করে চলাচল করছে। অনেকে নৌকা ব্যবহার করে চলাচল করছে। কয়েকটি পরিবার ইতিমধ্যে বেড়িবাঁধের ওপর আশ্রয় নিয়েছে। স্থানীয় জালালপুর ইউপি চেয়ারম্যান ১২ থেকে ১৪ শ্রমিক নিয়ে বেড়িবাঁধ মেরামতের চেষ্টা চালাচ্ছেন।
মীরপাড়ার নূর ইসলাম মীর জানান, তাঁর বাড়ির সামনের অংশে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে দ্রুত এলাকা তলিয়ে যায়। এখন বাড়ি ছাড়ার উপক্রম হয়েছে। একই পাড়ার বকুল মোড়ল জানান, তিনি রাতে বাড়িতে ঘুমিয়েছিলেন। সকালে হঠাৎ বারান্দায় পানি দেখে আঁতকে ওঠেন। পরে জানতে পারেন, বেড়িবাঁধ ধসে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাঁর বাড়ির আঙ্গিনাসহ অধিকাংশ এলাকা তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করছেন। বেড়িবাঁধের ওপর আশ্রয় নেওয়া আজিজুর রহমান জানান, হঠাৎ করে বাড়িঘর ডুবে যাবে, তিনি আগে ভাবতে পারেননি। তাঁর বাড়ি ডুবে গেছে।
মীরপাড়ার শহিদুল ইসলাম অভিযোগ করেন, বেড়িবাঁধ ভালোভাবে দেওয়া হয়নি। যেনতেনভাবে কাজ শেষ করা হয়েছে। এ কারণেই বাঁধ ধসে গেছে।
জালালপুর ইউপি সদস্য শেখ সুলতান আহম্মেদ জানান, কপোতাক্ষ নদের বাঁধ শুক্রবার রাতে ধসে যাওয়ায় কানাইদিয়া গ্রামের আরও দুই শতাধিক পরিবার এখন পানিবন্দী হয়ে পড়েছে। এর আগে জলাবদ্ধতার কারণে ওই এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় বাস করছিল।
তালা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় (পিআইও) সূত্র জানায়, উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি (সিডিএমপি) প্রকল্পের আওতায় ৯৮ লাখ টাকা ব্যয়ে কপোতাক্ষ নদের কানাইদিয়া এলাকায় সোয়া সাত কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। বাঁধের কাজ ২০১২ সালের ২ অক্টোবর শুরু এবং ২০১৩ জুলাই মাসে শেষ হয়।