বেড়িবাঁধে ভাঙন, সেতুতে ধস
পদ্মার প্রবল স্রোতে গত সোমবার ঢাকার দোহার উপজেলার ধোয়াইর দেওয়ানবাড়ী মোড়ে দোহার-মানিকগঞ্জ বেড়িবাঁধের (কাশিয়াখালী বাঁধ) অংশবিশেষ ভেঙে গেছে। একই কারণে গতকাল মঙ্গলবার নবাবগঞ্জ উপজেলার বান্দুরায় সাদাপুর সেতুর প্রায় ১০ মিটার ধসে পড়েছে। এতে দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ, বান্দুরা-ঢাকা ও দোহার-নবাবগঞ্জ-ঢাকা সড়কে পরিবহন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে লোকজন। পদ্মার ভাঙনের পরও সরকার বাঁধ রক্ষায় কোনো ব্যবস্থা না নেওয়ায় চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে দোহার-নবাবগঞ্জের লক্ষাধিক মানুষ।
সরেজমিনে দেখা যায়, পদ্মার ভাঙন থেকে মাত্র ১০০ গজ দূরে দোহারের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান বাহ্রা হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয়। যেকোনো সময় ভেঙে যেতে পারে গুরুত্বপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল, মাদ্রাসা, কবরস্থান, মসজিদসহ এলাকার প্রায় ৩০টি প্রতিষ্ঠান ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। ছোট-বড় পাঁচটি বাজারও যেকোনো সময় ভেঙে যেতে পারে।
হাবিল উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, ‘মন্ত্রী মহোদয় বারবার ওয়াদা দেওয়ার পরও কেন বাঁধ রক্ষায় ব্যবস্থা নেওয়া হলো না, তা বুঝতে পারলাম না। আমার এই স্কুলে দুই কোটি টাকার ভবন আছে। এগুলো রক্ষায় ব্লক ও বালুর বস্তা ফেলা খুবই জরুরি। নইলে এলাকার একমাত্র উচ্চবিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যাবে।’
পদ্মার ভাঙনের কারণে দোহারের হাতনি গ্রামের একটিমাত্র বাড়ি টিকে আছে। সেই বাড়িরও কিছু অংশ এরই মধ্যে ভেঙে গেছে। বাঁশ ও ছন দিয়ে ভাঙন রক্ষায় ব্যস্ত বাড়ির মালিক জালাল দেওয়ান (৪৫) কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘এই বাড়িটা ভাইঙ্গা গেলে আমরা কোথায় যামু? আমাগো গ্রামের সব বাড়ি ভাইঙ্গা গেছে। এহন আমারটাও ভাঙ্গতাছে। তাই চেষ্টা করতাছি, বাড়িডা রক্ষা করা যায় কি না।’
নয়াডাঙ্গী গ্রামের মিজানুর রহমান বলেন, ‘আমরা মন্ত্রীর কাছে ভাত চাই না। আমাদের ভিটেমাটি রক্ষায় বাঁধ চাই।’
পদ্মার ভাঙনের শিকার হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি নির্মল রঞ্জন গুহ। গত বছর নয়াবাড়ী ইউনিয়নের অরঙ্গাবাদ গ্রামে তাঁর বাড়িও ভেঙে যায়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনী জনসভায় ওয়াদা করেছিলেন, ভাঙন রক্ষায় বাঁধ তৈরি করে দেবেন। আমরা সেই ওয়াদা পূরণ করতে সচেষ্ট আছি।’
ভাঙনের ব্যাপারে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল হক বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
সাদাপুর সেতু ধস: স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়নের ঢাকা-বান্দুরা আঞ্চলিক সড়কের সাদাপুর সেতুর পূর্ব পাশের প্রায় ১০ মিটার গতকাল সকাল আটটার দিকে ধসে পড়ে। এর পরই বান্দুরা-ঢাকা ও দোহার-নবাবগঞ্জ-ঢাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ধসের পর সেতুর উভয় পাশে প্রায় এক কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
সওজের মুন্সিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নুরুল হোসেন বলেন, তিনি সেতু ধসের খবর পেয়েছেন। যান চলাচলের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বান্দুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনছার আলী জানান, ঢাকা-বান্দুরা সড়কের আগলা থেকে বান্দুরা পর্যন্ত পদ্মার সঙ্গে যুক্ত ছয়টি খালের মধ্যে পাঁচটি ভরাট করায় সাদাপুর খালে অস্বাভাবিকভাবে পানির চাপ বেড়েছে। এ কারণে সাদাপুর সেতুর পূর্ব অংশ ধসে পড়ে। খালের মুখগুলো আটকে দেওয়ায় উভয় পাড়ে সাদাপুর, হযরতপুর, আলহাদীপুর গ্রামের কয়েক শ বসতবাড়ি ভাঙনের হুমকির মুখে পড়েছে।