কক্সবাজারের টেকনাফ উপজেলায় টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কয়েক শ বাড়িঘরসহ রাস্তাঘাট, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। নাফ নদীর বেড়িবাঁধের ১০টির বেশি স্থানে বাঁধ ভেঙে গেছে। হুমকির মুখে পড়েছে টেকনাফ-কক্সবাজার সড়ক। ওই সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় গতকাল সোমবার সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
এদিকে টানা চার দিনের ভারী বর্ষণের কারণে মহেশখালী উপজেলার ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় সড়ক ভেঙে যাওয়ায় সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।
টেকনাফ: সরেজমিনে দেখা গেছে, উপজেলার হ্নীলা, হোয়াইক্যং ও সদর ইউনিয়নের ২১টি গ্রামের কয়েক শতাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট, পানের বরজ, চিংড়িঘের, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। শতাধিক মাটির ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
পাউবো টেকনাফ কার্যালয় থেকে জানা গেছে, পাঁচ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নাফ নদীর ৬৭ নম্বর পোল্ডারের ১০টির বেশি স্থানে বাঁধ ভেঙে গেছে। এ কারণে বেশ কিছু এলাকার বসতবাড়ি ও আমন ধানের বীজতলা পানির স্রোতে ভেসে গেছে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম, হ্নীলার ইউপি চেয়ারম্যান মীর কাশেম ও হোয়াইক্যংয়ের ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী জানান, টেকনাফ-কক্সবাজার সড়কটি হুমকির মুখে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় চাষিরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমের শুরুতে চাষিদের তৈরি করা বীজতলা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে। প্রায় ২০০ একর জমির বীজতলা ভেসে যাওয়ায় চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বর্ষণ কমে গেলে বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খবর নেবেন।
মহেশখালী: গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গত রোববার সন্ধ্যা পর্যন্ত একটানা ভারী বর্ষণে উপজেলার ২৫টি গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ২০ হাজার মানুষ। এ ছাড়া পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকায় সড়ক ভেঙে গেছে। উপজেলার গোরকঘাটা-জনতাবাজার ও শাপলাপুর সড়কে গত শুক্রবার থেকে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। পৌর এলাকার জলদাশ পাড়ার বাসিন্দা নির্মল কান্তি দে ও সজল কান্তি দে জানান, পানি চলাচলের জন্য পর্যাপ্ত নালা না থাকায় প্রতিবছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
মহেশখালীর ইউএনও মো. আনোয়ারুল নাসের বলেন, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির পানি অপসারণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।