বেড়িবাঁধে হঠাৎ ভাঙন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নেবুবুনিয়ায় কপোতাক্ষ নদে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের তিন শত ফুট ধসে গেছে। গত রোববার গভীর রাতে বাঁধটি ধসে যায়। এতে হুমকির মুখে পড়েছে ছয়টি গ্রাম ও চিংড়িঘের।
নদের পানি যাতে লোকালয়ে ঢুকতে না পারে, সে জন্য গতকাল সোমবার ভোর থেকে গাবুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে ধসে যাওয়া স্থানে রিং বাঁধ দেওয়ার চেষ্টা চলছে। এটি দিতে না পারলে তলিয়ে যাবে কয়েক হাজার চিংড়িঘের এবং নেবুবুনিয়া, জেলিয়াখালি, চকবরা, খোলপেটুয়া, খোলশেবুনিয়া ও গাইনবাড়ি গ্রাম। ইতিমধ্যে নেবুবুনিয়া গ্রামের সাতটি পরিবার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়েছে। বতর্মানে আরও ৫০টি বাড়িঘর ঝুঁকির মধ্যে আছে।
নেবুবুনিয়া গ্রামের বাসিন্দা জামাল হোসেন ও রবিউল ইসলাম জানান, রোববার দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ নদের পাশের সুন্দরবনসংলগ্ন দ্বীপ ইউনিয়ন গবুরার নেবুবুনিয়ায় পাউবোর বেড়িবাঁধ ধসে যায়। রাতেই বিষয়টি ইউপি চেয়ারম্যান মাসুদুল আলমকে জানানো হয়। তিনি মাইকযোগে লোকজন ডেকে গতকাল ভোরে রিং বাঁধ দেওয়ার কাজ শুরু করেন।
ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ধসে যাওয়া তিন শত ফুট বাঁধের পাশ দিয়ে রিং বাঁধ দেওয়ার চেষ্টা করছে চার শতাধিক মানুষ। সামান্য পানি লোকালয়ে ঢুকছে। তার পরও কাজ অব্যাহত রয়েছে। জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। সারা রাত কাজ হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মো. মঞ্জুরুল আলম জানান, প্রাথমিকভাবে এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রিং বাঁধ তৈরির জন্য। এ ছাড়া স্থানীয় সাংসদ ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়ার কথা তাঁকে জানিয়েছেন। এ ছাড়া পুরো শ্যামনগরে কয়েক কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতিমধ্যে মেরামতের তাগিদ দিয়ে পাউবো কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলার পাউবো সেকশন কর্মকর্তা (এসও) জানান, হাজার তিনেক গানি ব্যাগ দেওয়া হয়েছে মাটি ভরাট করে ফেলার জন্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে দ্রুত বরাদ্দ চেয়ে পাঠানো হবে। বরাদ্দ পেলেই সেই কাজ শুরু হবে।