বেড়িবাঁধের গাছ কাটার অভিযোগে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ওপর লাগানো গাছ কেটে নেওয়া নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবে গত শনি ও গতকাল রোববার এসব সম্মেলন করা হয়।
সাতক্ষীরা শহরতলির পারকুকরালি গ্রামবাসীর পক্ষে শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মতিয়ার রহমান সরদার। তিনি বলেন, পারকুকরালি এলাকায় প্রায় ৫৫ বছর আগে নির্মিত পাউবোর বাঁধের পাশে গাছ লাগিয়ে গ্রামবাসী তা ভোগদখল করছেন।
২০০৮ সালে সেতুবন্ধন মহিলা উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারি সংস্থা পাউবোর কাছ থেকে বেড়িবাঁধের পাশে গাছ লাগানোর জন্য সাত বছরের একটি অংশীদারি চুক্তি করে। ২০১৫ সালে ওই চুক্তির মেয়াদ শেষ হয়।
এরপর গতকাল সেতুবন্ধন মহিলা উন্নয়ন সংস্থা পাল্টা সংবাদ সম্মেলন করে। এ সময় সংস্থাটির পরিচালক হাসনা হেনা বলেন, সেতুবন্ধন সংস্থা বেড়িবাঁধে অংশীদারির ভিত্তিতে কয়েক লাখ টাকা ব্যয়ে বনায়ন করে। যার ওপর সরকারের স্বত্ব শতকরা ৪০ ভাগ ও সেতুবন্ধন পাবে শতকরা ৬০ ভাগ। ইজারার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০১৫ সালে তা আরও তিন বছরের জন্য নবায়ন করা হয়। কিন্তু ওই এলাকার মতিয়ার রহমান সরদারের নেতৃত্বে কয়েকজন বেড়িবাঁধে লাগানো প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের বড় বড় ১৪টি গাছ কেটে আত্মসাৎ করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।