
বরিশালের উজিরপুর পৌরসভা গঠিত হয়েছে প্রায় ছয় বছর হয়ে গেল। কিন্তু পৌরবাসী এখনো নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শুধু বেড়েছে করের বোঝা, বাড়েনি নাগরিকদের সেবার মান।
পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলার শিকারপুর-উজিরপুর ইউনিয়নের ৬ দশমিক ২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এ পৌরসভা গঠিত হয়। এ পৌরসভার লোকসংখ্যা প্রায় ২৫ হাজার। ভোটারসংখ্যা ১০ হাজার ২৯৭।
গত বুধবার পৌর এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার অধিকাংশ মানুষই দরিদ্র। এখানে নেই কোনো ব্যবসা-বাণিজ্যের সুবিধা। পৌরসভার অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্যজীবী হিসেবে জীবিকা নির্বাহ করেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) থাকতে সরকারি যে সহায়তা পেতেন, পৌরসভা হওয়ার পর তাঁরা সেই সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের ভিজিএফ, ভিজিডিসহ সরকারি অনেক সুবিধা বন্ধ হয়ে গেছে। যাতায়াতের সুবিধার্থে কোথাও কোনো রাস্তা বাড়েনি। পৌর এলাকার কোনো সড়কে বাতি নেই, নেই বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের ব্যবস্থা। নালা না থাকায় বর্ষা মৌসুমে পয়োনিষ্কাশনের অভাবে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার মানুষ। নেই ভাগাড়, যত্রতত্র ময়লা ফেলায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন (৬০), জানে আলম (৪৫), নাসরিন সুলতানা (৩২), স্থানীয় সংবাদকর্মী মিজানুর রহমানসহ আরও অনেকে বলেন, পৌরসভা হওয়ার পর এখানে কোনো পাকা সড়ক হয়নি। ইউনিয়ন থাকতে সরকারিভাবে গভীর নলকূপ বসানো হতো, পৌরসভা হওয়ার পর তা বন্ধ রয়েছে। ওয়ার্ডের ইচলাদি, উজিরপুর, মাদারশী ও শিকারপুর এলাকায় পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই এখানকার বাড়িঘর পানিতে তলিয়ে যায়। বর্ষা মৌসুমে দুই মাস পানিবন্দী থাকতে হয়।
কলেজশিক্ষক গোলাম মোস্তফা বলেন, এ পৌরসভার মানুষ কোনো নাগরিক সুবিধা ভোগ করে না। অথচ করের বোঝা টানতে হচ্ছে। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মোরশেদ ও আলম ব্যাপারী বলেন, আগে যেখানে কর ছিল ৫০ টাকা, বর্তমানে সেখানে কর দিতে হয় ৩৫০ থেকে ৪০০ টাকা। পাশাপাশি ৫০ টাকার ট্রেড লাইসেন্সের জন্য বর্তমানে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা দিতে হয়।
এ ব্যাপারে উজিরপুর পৌরসভার সচিব এস এম ফারুক হোসেন বলেন, পৌরসভা গঠিত হওয়ার পর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌর এলাকার উন্নয়নকাজ হয়নি।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় মানুষের অধিকার প্রতিষ্ঠার কাজ করে থাকে। আমি তাঁর দলের প্রতিনিধি হিসেবে সব সমস্যার সমাধান করে উজিরপুরকে মডেল পৌরসভায় উন্নীত করব।’
বিএনপির মেয়র পদপ্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘আমি নির্বাচিত হলে পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করে উজিরপুরকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব।’