
গায়ে মসলাপাতি মাখানো চিকেন টিক্কা, চিকেন কাবাব আর বিফ কাবাব। থরে থরে সাজানো। একটু পরেই কয়লার চুলায় বসানো হবে। কাজ শুরু হয়েছে বেলা দুইটা থেকে। ইফতারের ঘণ্টা দুয়েক আগেই তৈরি হয়ে যাবে। পরিবেশন করা হবে গরম গরম।
এসব কথা জানালেন চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার লাহামস কাবাব ঘরের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। এখানকার কাবাব শুধু রমজান মাসে নয়, সারা বছরের আইটেম। কিন্তু এবারই প্রথম রমজান মাসে ইফতারের উপকরণ হিসেবে বিক্রি করছেন। ইফতারের ১৫ মিনিট আগ পর্যন্ত বিক্রি চলে। এখানে চিকেন টিক্কা বিক্রি হয় ৯৫ টাকায়, চিকেন কাবাব ৭৫, বিফ কাবাব ৭০ আর পরোটা বিক্রি হয় ১৫ টাকায়।
স্কুটার থেকে নেমে কাবাবের অর্ডার দিচ্ছিলেন নগরের আগ্রাবাদ থেকে আসা এস এম শাহাবুদ্দিন। তিনি বলেন, ‘ইফতারের মেন্যুতে একটু ভিন্ন স্বাদ পেতেই কাবাব-পরোটা কিনতে এসেছি। তা ছাড়া ছেলেমেয়েদেরও পছন্দ।’
‘হারি আলী কাবাব’। ভিন্নধর্মী একটি কাবাব। তৈরি হয় পুদিনাপাতা, ধনেপাতা, ক্যাপসিকাম, বাদাম, আদা-রসুন ও কাবাবের মাংস দিয়ে। রমজানের ইফতারে এ উপাদানটি যোগ করেছে হালিশহর জি-ব্লক এলাকার ডাউন টাউন রেস্তোরাঁ। এখানে ইফতারি হিসেবে আরও রয়েছে ‘বিফ জালি কাবাব’।
প্রতিষ্ঠানের প্রধান বাবুর্চি মিন্টু গোমেজ বলেন, জালি কাবাবে থাকে পেঁয়াজ কিমা, বিফ কিমা, ধনেপাতা, কাঁচা মরিচ, কাবাবের মসলাসহ নানা উপাদান।
হারি আলী কাবাবের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইলে খাবার এবং পানীয় (ফুড অ্যান্ড বেভারেজ) তদারকির দায়িত্বে থাকা মোহাম্মদ শাহাদাত বলেন, ‘আমরা একটি ভিন্নধর্মী মুখরোচক খাবার হিসেবে এ নাম দিয়েছি। এটি বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি দিয়ে তৈরি হয় এবং এতে সবুজ একটি আবরণ থাকে।’ হারি আলী কাবাবের দাম রাখা হচ্ছে ৬৫ এবং বিফ জালি কাবাবের ৩০ টাকা।
হালিশহর ‘বন ফায়ারে’ বিফ, টমেটো ও পেঁয়াজ দিয়ে তৈরি হচ্ছে ‘সাসলিক’। দাম রাখা হচ্ছে ৭০ টাকা। এ ছাড়া এখানে বিক্রি হচ্ছে বিফ কাবাব, প্রতিটি ২০ টাকা করে। নগরের লালখান বাজার ও হালিশহরের সুইট কিংয়ে বিফ ও চিকেন কাবাব বিক্রি হচ্ছে। এ ছাড়া জিইসি মোড় ও মুরাদপুর এলাকায় কয়েকটি দোকানেও ইফতারি হিসেবে কাবাব বিক্রি হচ্ছে।
