বর্ষার সঙ্গে সঙ্গে রাজধানীতে ব্যাপক হারে বেড়েছে এডিসসহ বিভিন্ন প্রজাতির মশার প্রকোপ। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। দুই সিটি করপোরেশন বলছে, আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
গত কয়েক দিনের টানা বর্ষণে হঠাৎ করেই রাজধানীতে মশার উপদ্রব দেখা দিয়েছে। রাজধানীর অন্তত আটটি এলাকার প্রায় ২০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলাতেই মশার যন্ত্রণায় তাঁরা অতিষ্ঠ হয়ে উঠেছেন রাতে এই যন্ত্রণা আরও বাড়ে।
মশার উপদ্রবের কারণে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগরীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৫৭ জন। অথচ গত ২৬ জুলাই পর্যন্ত আক্রান্তের এই সংখ্যা ছিল ৮৯ জন।
রাজধানীর মশা নিয়ন্ত্রণের দায়িত্ব ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। দুই সিটি করপোরেশনই বলছে, রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। নানা জায়গায় কয়েক দিন ধরে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করছে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান প্রথম আলোকে বলেন, ‘মশার উপদ্রব আছে সেটা অস্বীকার করার তো কিছু নেই। তবে আমাদের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে। বৃষ্টির কারণে কিছুটা সীমিতভাবে চলেছে এখন পুরো দমে চলবে।’
সিটি করপোরেশন এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে। করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, যেখানে পরিষ্কার পানি জমা হয় এ রকম পাত্র, ফুলের টব, হাঁড়িপাতিল বাড়ির পাশে না রাখতে। এক জায়গায় দু-তিন দিনের বেশি যাতে পানি জমে না থাকে সে বিষয়েও সতর্ক থাকতে বলা হচ্ছে।
রাজধানীর বিভিন্ন এলাকার জলাশয়গুলো নিয়মিত পরিষ্কার না করায় এসব মশাদের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনায় ভরে যাওয়া ডোবা ও খালগুলোয় পলিথিন এবং প্লাস্টিকের বোতল জমে থাকার কারণে ও পানি ঠিকমতো নামতে না পারায় দূষিত পানিতে মশার জন্ম হচ্ছে।
মেরাদিয়া এলাকার বাসিন্দা রফিকুল আউয়াল বলেন, ‘মশার জ্বালায় ঘরের ভেতরে এক জায়গায় বসে থাকা যাচ্ছে না। মাঝে কিছুদিন মশার ওষুধ ছিটাতে দেখলাম। ইদানীং মশা বাড়লেও, ওষুধ ছিটানো বন্ধ হয়ে গেছে।’
ডিএনসিসির ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বরাদ্দ রাখা ১৪ কোটি টাকা, যা ২০১৪-১৫ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দের প্রায় দ্বিগুণ। ডিএসসিসির এবারের বাজেটে মশক নিয়ন্ত্রণে বরাদ্দ সাড়ে ১২ কোটি টাকা। গত অর্থবছরে বরাদ্দ ছিল ১১ কোটি ৯৫ লাখ টাকা।
মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির কর্মী আছেন ২৭৯ জন এবং ডিএসসিসির কর্মীর সংখ্যা ২৮৪ জন। মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন নিয়মিত ওষুধ ছিটানোসহ নানা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু পর্যাপ্তসংখ্যক লোকবল, সরঞ্জামাদি ও যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকার পরও মশা নিধন কার্যক্রমে কার্যকর ফলাফল পাওয়া যাচ্ছে না।
আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করছেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী চার দিন পরপর লার্ভাসাইড ছিটানোর কথা। কিন্তু বৃষ্টিতে ওষুধ ধুয়ে যায় বলে কিছুটা কম দেওয়া হয়েছে। মশার উপদ্রব যা বেড়েছে তা নিয়ন্ত্রণ হয়ে যাবে।’