বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে।
এবার পাসের হার ৯১ দশমিক ৯৬ ও জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮৫ শিক্ষার্থী। গতবার পাসের হার ছিল ৮৯ দশমিক ০৩ ও জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৭০৪ জন। তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর জেএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ১ লাখ ৮৮ হাজার ৭৮৪ শিক্ষার্থী অংশ নিয়েছিল। পাস করেছে ১ লাখ ৭৩ হাজার ৫৯৯ শিক্ষার্থী। এর মধ্যে ৮৮ হাজার ৮৭৩ জন মেয়ে ও ৮৪ হাজার ৭২৬ জন ছেলে রয়েছে। ১০ হাজার ৬৮৫ জিপিএ-৫ প্রাপ্তের মধ্যে ৫ হাজার ৫৫৪ জন মেয়ে ও ৫ হাজার ১৩১ জন ছেলে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদ প্রথম আলোকে জানান, এ বছর প্রথমবারের মতো শিক্ষার্থীরা গণিতে সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি ঠিকমতো বুঝতে পারেনি। যে কারণে গণিতে ফলাফল খারাপ হয়েছে। এতে সামগ্রিকভাবে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা কমে গেছে।