
রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে মাছের দাম। একইভাবে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ ও ডালের দাম। তবে গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসে হরতাল থাকলেও সবজির দামে এর কোনো প্রভাব পড়েনি। গতকাল শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে মাছের দাম ঊর্ধ্বমুখী দেখা গেছে। মিরপুরের কাজীপাড়া বাজারে প্রতি কেজি রুই মাছ আকারভেদে ২৪০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছে। প্রতি কেজি পাঙাশ মাছ বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৬০ টাকায়। অন্য যেসব মাছ উঠেছিল, সেগুলোর দামও ছিল গত সপ্তাহের চেয়ে বেশি। মাছের সরবরাহও ছিল কম। কারওয়ান বাজারে প্রতি কেজি রুই মাছ (ওজনে দুই কেজির বেশি) বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকায়। একই আকারের প্রতি কেজি কাতলা মাছের দাম ছিল ২৫০ থেকে ২৮০ টাকা, এক জোড়া ছোট ইলিশ ৩৫০ ও এর চেয়ে কিছুটা বড় আকারের এক জোড়া ৬০০ টাকা, টেংরা মাছ প্রতি কেজি ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
কারওয়ান বাজারের মাছ বিক্রেতা মমিনুল জানান, সব ধরনের মাছের দাম এ সপ্তাহে বেড়েছে।
কাজীপাড়া কাঁচাবাজারের মাছ বিক্রেতা তায়েবউদ্দিন জানান, এখন মাছের মৌসুম না। তাই সরবরাহ বেশ কম বলে দামও চড়া। এ সপ্তাহে বিভিন্ন মাছের দাম প্রকারভেদে কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
কারওয়ান বাজার ঘুরে জানা গেছে, এ সপ্তাহে আদা ও রসুনের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। মানভেদে প্রতি কেজি আদা ১০০ থেকে ১১০ টাকা, পেঁয়াজ (দেশি) ৩২ টাকা, আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা, আমদানি করা রসুন ১১০ টাকা ও দেশি রসুন ৮০ টাকা কেজি বিক্রি হয়েছে।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরে আদা ও রসুনের দর বৃদ্ধির উল্লেখ নেই। টিসিবির বাজারদরে বৃদ্ধির তালিকায় রয়েছে কেবল ডাল। তালিকা অনুযায়ী, আমদানি করা প্রতি কেজি মসুর ডালের দাম পাঁচ টাকা বেড়ে মানভেদে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
টিসিবি জানিয়েছে, ৬ মে থেকে রাজধানীর বাজারে ডালের দাম বেড়েছে।
একাধিক বাজারে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম আগের সপ্তাহের চেয়ে পাঁচ টাকা কমে ১৪০ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
স্থিতিশীল সবজির দাম: বিভিন্ন বাজারে গতকাল প্রতি কেজি টমেটো ২০ টাকা, পটোল ৩০ টাকা, আলু ১২ টাকা, বেগুন ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢ্যাঁড়স ২৫ থেকে ৩০ টাকা, চালকুমড়া ২০ টাকা ও লাউ ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। বিক্রেতারা জানান, এই সপ্তাহে সবজির দাম স্থিতিশীল রয়েছে; বরং ঢ্যাঁড়স ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে।