বেড়েছে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাট
রাজধানী ঢাকাসহ সারা দেশে আবার লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাট বেড়েছে৷ আবারও টানা বৃষ্টিহীনতায় গরম বৃদ্ধির কারণে বিদ্যুতের
চাহিদা বেড়ে যাওয়া লোডশেডিং বৃদ্ধির কারণ৷ বিদ্যুৎবিভ্রাট বৃদ্ধির কারণ, ওই বাড়তি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে বিতরণব্যবস্থার অক্ষমতা৷
কয়েক দিন ধরে দেশের সব এলাকা থেকে লোডশেডিং ও বিদ্যুৎবিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে৷ বিতরণ কোম্পানিগুলো এসব খবরের সত্যতা স্বীকারও করছে৷ তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের যে দৈনিক হিসাব প্রকাশ করে, তার সঙ্গে এসব খবরের অমিল প্রকট৷ যেমন, গতকাল মঙ্গলবার পিডিবির তৈরি চাহিদা ও সম্ভাব্য উৎপাদনের হিসাবে বলা হয়, সর্বোচ্চ চাহিদা সাত হাজার মেগাওয়াট৷ আর সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন ছয় হাজার ৬৯৯ মেগাওয়াট৷ এই হিসাবে চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি হয় ৩০০ মেগাওয়াটের কম।
কিন্তু গতকাল দুপুরে, দিনের সর্বোচ্চ চাহিদার সময় ঢাকার দুটি বিতরণ কোম্পানি বিদ্যুৎ পেয়েছে চাহিদার তুলনায় প্রায় ৪৫০ মেগাওয়াট কম৷ এর মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ওই সময় প্রায় এক হাজার ১০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে কম পেয়েছে ২১০ মেগাওয়াট৷ আর ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) প্রায় ৭৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে কম পেয়েছে ২৩৬ মেগাওয়াট৷
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ সংস্থা (ওজোপাডিকো) ও পিডিবির নিজস্ব বিতরণ অঞ্চলে চাহিদার তুলনায় মোট সরবরাহ ঘাটতি ছিল প্রায় ৭০০ মেগাওয়াট৷ অর্থাৎ চাহিদার তুলনায় দিনের সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুতের ঘাটতি ছিল প্রায় এক হাজার ১৫০ মেগাওয়াট৷ এ কারণে দেশের সর্বত্র দফায় দফায় লোডশেডিং হয়েছে৷ এ ছাড়া পিডিবি গতকাল সর্বোচ্চ চাহিদার যে প্রাক্কলন করেছিল, তা এই সময়ের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়৷ বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা অনুযায়ী, এ বছর এই সময়ে সর্বোচ্চ চাহিদা কোনোভাবেই সাড়ে সাত হাজার মেগাওয়াটের কম নয়৷
অপর দিকে পিডিবির হিসাব পর্যালোচনা করে দেখা যায়, বিদ্যুতের উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে৷ বর্তমানে সাড়ে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এবং এ জন্য প্রয়োজনীয় জ্বালানির সরবরাহ প্রতিদিনই নিশ্চিত করা সম্ভব৷ কিন্তু গতকাল সর্বোচ্চ উৎপাদনের লক্ষ্য ধরা হয় ছয় হাজার ৬৯৯ মেগাওয়াট৷ এটা এই সময়ের প্রকৃত চাহিদার তুলনায় প্রায় ৮০০ মেগাওয়াট কম৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতির কারণে যেমন লোডশেডিং হচ্ছে, তেমনি বিতরণব্যবস্থায় ত্রুটির কারণে হচ্ছে বিদ্যুৎবিভ্রাট৷ ঢাকায় উলন থেকে ধানমন্ডি পর্যন্ত বিস্তৃত ভূতলের একটি কেব্ল ফ্লাইওভার নির্মাণকাজের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ায় কারওয়ান বাজার, মগবাজার, পুরানা পল্টন, নয়াপল্টন, মতিঝিল প্রভৃতি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷
ডেসকোর মিরপুর এলাকায় মাঝেমধ্যেই কেব্ল, বিতরণ লাইন ও ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে৷ ঢাকার বাইরে, বিশেষ করে আরইবির এলাকায় অনেক বিতরণ লাইন ও ট্রান্সফরমার ওভারলোডেড হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে৷