বেত দিয়ে পিটিয়ে চিকিৎসা
কারও কিডনি অকেজো৷ কেউ ক্যানসারে আক্রান্ত৷ কেউ পক্ষাঘাতগ্রস্ত৷ সবাই দূরদূরান্ত থেকে এসেছেন৷ লক্ষ্য একটাই—রোগমুক্তি৷ তবে ভিন্ন পদ্ধতি৷ চিকিৎসক নন, কথিত এক পীর রোগীদের খাওয়াচ্ছেন ‘পড়াপানি’৷ পেটাচ্ছেন বেত দিয়ে৷ এই দৃশ্য দেখা গেল ময়মনসিংহের নান্দাইলের কিসমত রসুলপুর গ্রামে৷
এলাকাবাসীর অভিযোগ, চিকিৎসার নামে এ রকম ‘দাওয়াবাজি’ চালাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সাবেক কর্মচারী এবং এলাকায় পীর হিসেবে পরিচিত মো. লিয়াকত আলী খান। এভাবে প্রতি সপ্তাহে কয়েক হাজার মানুষ প্রতারিত হচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের তারঘাট বাজারে লোকজনের ভিড়। সবাই ছুটছেন পাশের কিসমত রসুলপুর গ্রামে। তাদের সঙ্গে লিয়াকতের আস্তানায় গিয়ে দেখা যায়, চারপাশ লোকে লোকারণ্য। লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ‘পীরে কামেল’ মো. লিয়াকত আলী খান প্রতি শুক্রবার কিশোরগঞ্জ শহর থেকে এখানে এসে চিকিৎসা পরিচালনা করেন। কিসমত রসুলপুর গ্রামে তাঁর বাড়ি রয়েছে।
আস্তানায় চার ঘণ্টা অবস্থান করে দেখা গেল, লিয়াকত আলী নতুন রোগীদের ডেকে নিচ্ছেন। তাদের লাঠি দিয়ে আঘাত করছেন আর টাকা রাখছেন। চিকিৎসার শর্ত হিসেবে রোগীদের আগেই বলে দিচ্ছেন, অন্য চিকিৎসক বা হাসপাতালে যাওয়া চলবে না। তাঁর কথা অমান্য করলে রোগীর ভয়ানক ক্ষতি হয়ে যাবে। আর চিকিৎসা হিসেবে প্রতি শুক্রবার বেত্রাঘাত নিতে হবে আর পড়াপানি খেতে হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রাম থেকে আবদুল হাই (৭৫) এসেছেন ক্যানসারের চিকিৎসা করাতে। তিনি বলেন, প্রতি শুক্রবার তাঁকে পড়াপানি খাওয়ানো হচ্ছে৷ তবে উন্নতির লক্ষণ নেই। একই উপজেলার মালিয়াটি গ্রাম থেকে এসেছেন নাসরিন আক্তার (৩৭)৷ তিনি কিডনির জটিলতায় আক্রান্ত শিশু মাসুমকে (৪) নিয়ে ১২ সপ্তাহ ধরে আসছেন। পীরের পড়াপানি খেয়ে শিশুটির শরীরের উন্নতি হয়নি৷ বরং শরীরে পানি এসে গেছে। হাসপাতালে না গিয়ে পীরের কাছে আসার কারণ জানতে চাইলে নাসরিন বলেন, ‘সবাই তো পীরের কাছে আসছে। আর পীর সাহেব আমাকে আগাম শর্ত দিয়েছেন, অন্য কোনো চিকিৎসকের কাছে যাওয়া যাবে না। অন্যথায় ক্ষতি হয়ে যাবে৷ তাই ১২ সপ্তাহ ধরে তাঁর কাছে আসছি।’
পক্ষাঘাতগ্রস্ত নাজমা আক্তার (৫৫) এক বছর ধরে গফরগাঁও উপজেলা থেকে এসে লিয়াকতের কথিত চিকিৎসা নিচ্ছেন। বাতজ্বরে আক্রান্ত কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের নাসিমা আক্তার (২২) চার বছর ধরে পীরের কাছে আসছেন। দুজনেরই শরীরের কোনো উন্নতি হয়নি। তাঁরা বলেন, অসুখ ভালো না হলেও পীরের নির্দেশ কেউ অমান্য করার সাহস পাচ্ছেন না। ফলে পুরোনোদের দেখাদেখি নতুন রোগী আসছেন৷
লিয়াকত আলীর বাড়ির আঙিনায় দেখা যায়, বিশাল কয়েকটি ডেকচিতে রাখা পীরের ‘ফুঁ’ দেওয়া পানি বিক্রি করা হচ্ছে। তবে লিয়াকত পানি বিক্রির কথা অস্বীকার করেছেন। মো. লিয়াকত আলী খান প্রথম আলোকে বলেন, চিকিৎসক যখন রোগীর হাল ছেড়ে দেন, তখন তাঁর চিকিৎসা শুরু হয়। তিনি আরও বলেন, বিশ্বাস থেকে অনেক অলৌকিক ঘটনা ঘটে যেতে পারে। তাঁর চিকিৎসায় দেশ-বিদেশের বহু রোগী ভালো হয়েছে বলে দাবি করেন তিনি৷
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতেখার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে আপনি আমাকে জিজ্ঞেস না করে প্রশাসনের কর্মকর্তাদের জিজ্ঞেস করুন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হবে। সিভিল সার্জন আ স ম আবদুছ ছামাদ বলেন, নিবন্ধিত চিকিৎসক ছাড়া কেউ চিকিৎসা করতে পারে না। ঘটনাটি তদন্ত করে দেখা হবে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, এটি সম্পূর্ণ বেআইনি৷ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে৷