বেত বুননকর্মী দুই নারীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুর্তা বাগানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে মকন মিয়া (৪০) বাগানেই দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বেত বুননকর্মী দুই নারীকে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্থুমাই গ্রামের মুর্তা বাগানে গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই নারী হচ্ছেন হাসিনা বেগম (৪০) ও মালেকা বেগম (৩৮)। তাঁরা মুর্তা বাগান থেকে চাষ করা বেত দিয়ে শীতল পাটি বুননের কাজ করতেন। এ ঘটনায় মকন মিয়াকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তিনি নিহত দুই নারীর সম্পর্কে দেবর (স্বামীর চাচাতো ভাই)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আবদুল হাই জানান, গ্রামবাসীর কাছ থেকে মকনকে পুলিশের জিমঞ্চায় নিয়ে জোড়া খুনের ঘটনায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে থানা হাজতে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, পান্থুমাই গ্রামের পাশে পিয়াইন নদের তীরে বন বিভাগের মুর্তা বাগান। আগামী মৌসুমের জন্য বাগানে মুর্তা বেতের চারা রোপণ করছিলেন আজির উদ্দিনের স্ত্রী হাসিনা বেগম ও জমসু মিয়ার স্ত্রী মালেকা বেগম। বাগানে তাঁদের সঙ্গে মকন মিয়াও চারা রোপণ করছিলেন। বেলা একটার দিকে কয়েকটি চারা রোপণের স্থান নিয়ে মকনের সঙ্গে হাসিনা ও মালেকার কথা-কাটাকাটি হয়।
কয়েক দফা কথা-কাটাকাটির একপর্যায়ে মকন হাতে থাকা দা দিয়ে প্রথমে হাসিনাকে কোপ দেন। তাঁকে রক্ষা করতে মালেকা এগিয়ে গেলে তাঁকেও কোপ দেন তিনি। ঘটনাস্থলেই দুজন মারা যান। স্থানীয় ইউপি সদস্য মুন্সি মুমিন জানান, মুর্তা বাগানে চারা রোপণের জায়গা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল।
গতকাল সকালে চারা রোপণ করতে গিয়ে এ বিরোধ বাগান পর্যন্ত গড়ায়। জুমার নামাজের আগে এ নিয়ে তাঁদের মধ্যে এক দফা কথা-কাটাকাটি হলে বিষয়টি কয়েকজন মুসল্লি নিষ্পত্তি করে দেন। নামাজ চলাকালে আশপাশ অনেকটা জনশূন্য থাকার সুযোগে ঘটনাটি ঘটেছে।