বেতন আজ রাত নয়টা পর্যন্ত, আগামীকালও দেওয়া হবে

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আজ বুধবার সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত নয়টা পর্যন্ত তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের দুই মাসের বেতন দেওয়া হবে। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বকেয়া বেতন পরিশোধের এ কার্যক্রম চলবে।
আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম।
এদিকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তোবা গ্রুপের ৩২৩ জন শ্রমিক-কর্মচারী বেতন নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত মজুরি দেওয়ার কথা। তবে এরপরও যদি শ্রমিকেরা আসেন, সে ক্ষেত্রে সময় বাড়ানো হবে।
সকাল নয়টা থেকে বিজিএমইএর কার্যালয় থেকে টাকা দেওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে এক ঘণ্টা পিছিয়ে ১০টা থেকে টাকা দেওয়া শুরু হয়।
সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিচ্ছিন্নভাবে ৩২৩ জন শ্রমিক-কর্মচারী টাকা নিতে আসেন। বিজিএমইএ ভবনের নিচতলায় টাকা দিতে ১৬টি দল প্রস্তুত রয়েছে।
তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান তোবা ফ্যাশন, মিতা ডিজাইন, তোবা টেক্সটাইল, তাইফ ডিজাইন ও বুকশন গার্মেন্টসের এক হাজার ৪০০ জনের বেশি শ্রমিকের তিন মাসের বেতন-বোনাস বকেয়া রয়েছে।