বেতন আদায়ে মালিককে অবরুদ্ধ
বকেয়া বেতন আদায়ে গাজীপুরের টঙ্গীর অ্যাক্রোস হরিজন অ্যাপারেলস লিমিটেড নামের একটি সোয়েটার কারখানার শ্রমিকেরা ১০ দিন ধরে কর্মবিরতি পালন করছেন। দাবি আদায়ে গত শনিবার দিবাগত রাত থেকে তাঁরা কারখানার চার মালিকের একজনকে ভেতরে অবরুদ্ধ করে রেখেছেন। গতকাল রোববার রাত ১২টা পর্যন্ত ওই মালিক অবরুদ্ধ ছিলেন।শ্রমিকেরা জানান, টঙ্গীর এরশাদনগর এলাকার এই কারখানায় সাড়ে ৪০০ শ্রমিক রয়েছেন। তাঁরা মার্চ ও এপ্রিল মাসের বেতন পাননি। ১০ মে বকেয়া বেতন দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত তা দেওয়া হয়নি। ওই দিন থেকে শ্রমিকেরা সব রকম কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করছেন। এতে কারখানায় চলতে থাকা সোয়েটারের কাজ অন্য স্থানে করার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। কারখানার অন্যতম মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আফিফ জামান শনিবার দিবাগত রাত একটার দিকে কিছু সরঞ্জাম সরিয়ে নিতে যান। খবর পেয়ে শতাধিক শ্রমিক কিছুক্ষণ পর গিয়ে এমডিকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এমডির ফোন পেয়ে রাতেই কারখানায় ছুটে যায় গাজীপুর শিল্প পুলিশ ও টঙ্গী মডেল থানার পুলিশও। তবে মালিক, শ্রমিক ও স্থানীয় শ্রমিকনেতারা দফায় দফায় আলোচনা করে কোনো সমাধান করতে পারেননি।শ্রমিকদের দাবি, তাঁদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। যদি কারখানা বন্ধ ঘোষণা করা হয়, তাহলে শ্রম আইন অনুযায়ী বেতন পরিশোধ করতে হবে। কাজী আফিফ জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, যেকোনোভাবেই হোক শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। তবে শুধু এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে বলে তিনি দাবি করেছেন।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।