বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন ও উৎসব ভাতাসহ (বোনাস) বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে এ সমাবেশ হয়।
কয়েকজন শ্রমিক জানান, বেলা ১১টার দিকে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি আবদুস সালাম ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা দুলাল সাহা, মোতাহার হোসেন, দিলীপ দাস, বিল্লাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের কঠোর পরিশ্রমে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে কারখানার মালিকেরা রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে যান। কিন্তু শ্রমিকদের শ্রমের ন্যায্য মজুরি তাঁরা দেন না। মাসের পর মাস বেতন বকেয়া থাকে। বর্ধিত মজুরি এখন পর্যন্ত সব কারখানায় বাস্তবায়ন করা হচ্ছে না। শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ না করেই গার্মেন্টস মালিকেরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে বিদেশে গিয়ে ঈদ পালন করার জন্য ভিসা টিকিট করতে ব্যস্ত হয়ে পড়েছেন। মালিকেরা বিদেশে ঈদ উৎসব করবেন আর শ্রমিকেরা না খেয়ে থাকবেন, তা এবার করতে দেওয়া হবে না। শ্রমিকেরা তা হতে দেবেন না। কাজেই ২০ রমজানের মধ্যে পোশাকশ্রমিকদের বেতন এবং উৎসব ভাতা পরিশোধ করতে হবে।
বক্তারা আরও জানান, শ্রমিকদের শ্রমের ন্যায্যমূল্য নেই। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। তাঁরা আজ অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছেন। কর্মক্ষেত্রে শ্রমিকদের জীবনের নিরাপত্তাহীনতা, ছাঁটাই-বরখাস্ত, হামলা-মামলা, নির্যাতন ও গার্মেন্টস মালিকদের অমানবিক শোষণ পোশাকশিল্পের ৪০ লাখ শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করছে।