নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের সরস্বতী একাডেমির (মাধ্যমিক বিদ্যালয়) ১৩ জন শিক্ষক-কর্মচারী তাঁদের জুলাই মাসের বেতন ও ঈদবোনাস তুলতে পারেননি। ফলে এই ঈদের সময় পরিবার-পরিজন নিয়ে তাঁদের দুঃখ-কষ্টে দিন কাটছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের নয়জন শিক্ষক ও চারজন কর্মচারী এমপিওভুক্ত। এসব শিক্ষক-কর্মচারীর সরকারি বেতন ও উৎসবভাতার টাকা ৮ আগস্ট ব্যাংকে এসেছে। এ বিদ্যালয়ের বেতন-ভাতার বিলে সভাপতির স্বাক্ষর না থাকায় বিল উত্তোলন করা যায়নি। প্রধান শিক্ষকসহ অন্য একজন শিক্ষক ও কমিটির দুজন সদস্যকে আসামি করে চরদৌলতপুর গ্রামের বাবুল নামের এক ব্যক্তি গত ২১ জুলাই লোহাগড়া থানায় চাঁদাবাজির মামলা করেছেন। এর আগে বিদ্যালয়ের সভাপতি বাদী হয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক শেখ আইউব আলীর নামে লোহাগড়া থানায় প্রতারণার মামলা করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান অভিযোগ করেন, ‘সভাপতি বেতন-ভাতার বিলে স্বাক্ষর করেননি বলে বিল তোলা যায়নি। আর আমি একজন শিক্ষক অথচ সভাপতি আমার নামে দুটি মিথ্যা মামলা দিয়েছেন।’ সভাপতি কাজী বসির আহমেদ বলেন, ‘প্রধান শিক্ষক কয়েক দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির দিনগুলোর বিল বাদ দিয়ে বেতন বিলে স্বাক্ষর করতে চেয়েছিলাম। এ অবস্থায় প্রধান শিক্ষক বিলে স্বাক্ষর করাননি। শেষ দিকে শর্ত ছাড়াই পুরো বিলে স্বাক্ষর করতে চেয়েছি। প্রধান শিক্ষক বিল নিয়ে আসেননি। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, গ্রাম্য আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জের বিদ্যালয়ে এসে পড়েছে। যার জন্য বিদ্যালয়টি সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ ভুইয়া বলেন, প্রথম দিকে সভাপতি বেতন-ভাতার বিলে স্বাক্ষর করেননি। পরে স্বাক্ষর করতে চেয়েছেন, কিন্তু প্রধান শিক্ষক সহযোগিতা করেননি। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতা তুলতে পারেননি। বিদ্যালয়টিতে মূলত এলাকার দ্বন্দ্বের প্রভাব কাজ করছে।