বেতন ও ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেতন, ফি ও ভর্তির ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চট্টগ্রামের ৩২ জন বিশিষ্ট ব্যক্তি এ দাবি জানান।
চট্টগ্রাম নগরে সিটি করপোরেশনের অধীনে ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮টি কলেজ পরিচালিত হয়।
বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, ভর্তুকি কমানোর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেতন-ফি ও ভর্তি-ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গরিব শিক্ষার্থীরা শিক্ষাজীবনের মাঝপথেই হারিয়ে যাবে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক ফেরদৌস আরা আলীম, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক আবুল মনসুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল মনসুর ও শফিক হায়দার চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়লা জামান, ভূঁইয়া ইকবাল চৌধুরী, আতিকুর রহমান, অসীম দাশ, সাংবাদিক আ ক ম রইসুল হক বাহার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. সালাউদ্দিন হায়দার সিদ্দিকী প্রমুখ।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, বেতন-ফি বৃদ্ধির একটি প্রস্তাব দেওয়া হয়েছে। যা এখনো কার্যকর হয়নি। আর বিশিষ্ট ব্যক্তিদের বিবৃতিটি মেয়র দেশে ফিরলে তাঁর কাছে উত্থাপন করা হবে।