বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ
বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সুতা তৈরির একটি কারখানার শ্রমিকেরা মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গতকাল সোমবার দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী আমিরুল ইসলাম বলেন, ‘সকালে গজারিয়ার বাউশিয়া এলাকার কাশেম আলী সন্স (স্পিনিং) লিমিটেডের শ্রমিকেরা কর্মস্থলে এসে দুই মাসের বকেয়া বেতন ও বোনাসের জন্য বিক্ষোভ করতে থাকেন।
সকাল সাড়ে আটটায় তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় অবরোধ সৃষ্টি করেন। সকাল সাড়ে ১০টায় পুলিশের মধ্যস্থতায় কর্তৃপক্ষ দুই মাসের বকেয়া বেতনের মধ্যে এক মাসের বেতন আজকের (গতকাল) মধ্যে ও দুই দিন পরে বোনাস দেওয়ার আশ্বাস দেয়। এরপর শ্রমিকেরা অবরোধ তুলে নেন। পরে পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালায়।’
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস হাসান জানান, বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে কিছু সময়ের জন্য নেমেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা দাবি পূরণের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানান। পরে কারখানা কর্তৃপক্ষ বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।
কাশেম আলী সন্স (স্পিনিং) লিমিটেডের ব্যবস্থাপক হারুন মোল্লাহ্ বলেন, ‘একটু সমস্যা হয়েছিল। এখন ঠিক হয়ে গেছে। আজকের (গতকাল) মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়। তবে বোনাস এই মাসের শেষ দিকে দেওয়া হবে।’