বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলায় বর্ণালী ফেব্রিকস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন ও বোনাসের দাবিতে গতকাল রোববার সন্ধ্যায় পশ্চিম মুক্তারপুরে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মালিকপক্ষ বেতন ও বোনাসের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
সদর থানা-পুলিশ সূত্র জানায়, পোশাক কারখানার শ্রমিকেরা মালিকপক্ষের কাছে রোববারের মধ্যে বেতন ও বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। গতকাল তা না পেয়ে কারখানার কমপক্ষে এক হাজার শ্রমিক কাজ বন্ধ রেখে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত অবরোধে দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে সদর থানা-পুলিশ গিয়ে কারখানার মালিক ও শ্রমিকদের বুঝিয়ে আজ সোমবার বেতন ও আগামী দুই দিনের মধ্যে বোনাস দেওয়ার জন্য সমঝোতা করে। তবে পরিস্থিতি শান্ত হতে রাত নয়টা পর্যন্ত সময় লেগে যায়।
বর্ণালী ফেব্রিকস পোশাক কারখানার কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের বেতন আজ সোমবার পরিশোধ করা হবে। আগামী দুই দিনের মধ্যে বোনাসও দেওয়া হবে।