বেতন ও মর্যাদার দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের সাক্ষাৎ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন। অন্যান্য দাবির মধ্যে রয়েছে প্রস্তাবিত বেতনকাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা যে বৈষম্যের শিকার হচ্ছে তা দূর করা এবং উপাচার্যদের পদমর্যাদা জাতীয় বেতন স্কেলের সর্বোচ্চ বিশেষ স্কেলের সমতুল্য করা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ব্যানারে উপাচার্যরা আজ বুধবার সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে সচিবালয়ে তাঁর কার্যালয়ে যান।
বৈঠকে কয়েকজন উপাচার্য অভিযোগ করেন, আমলাদের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্যদের মর্যাদা অবদমিত করে রাখা হচ্ছে। এতে প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তারা উপাচার্য ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সম্মান জানাতে চান না। তাঁরা রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকদের প্রত্যাশিত বেতন কাঠামো অনুযায়ী পদমর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তিনিও শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুবিধা বাড়াতে সচেষ্ট আছেন। প্রস্তাবিত বেতনকাঠামোর বিষয়টি তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে অবহিত করেছেন। এ নিয়ে আলোচনাও চলছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি বলে জানান তিনি।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরামসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বক্তব্য দেন।