কুমিল্লা মডার্ন হাইস্কুলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক বেতন ছিল ৭০০ টাকা এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বেতন ৭৫০ টাকা। অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০ টাকা করে কমিয়ে এই বেতন নির্ধারণ করা হয়েছে ৫০০ ও ৫৫০ টাকা। চলতি মাস থেকেই নতুন বেতন কার্যকর হবে।
গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন নতুন এই বেতন কাঠামোর নির্দেশ দেন। তাঁর নির্দেশনা মেনে নিয়েছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। তুমুল করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
সকাল সাড়ে ১০টায় অভিভাবক সমাবেশ শুরু হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আরফানুল হক রিফাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ বাহাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল মোমেন, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুজ্জামান, আদর্শ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম, অভিভাবক বায়েজিদা ইয়াসমিন, মো. রহিম মোল্লা ও গোলাম সারওয়ার।
সমাবেশে অভিভাবকেরা দাবি করেন, এ বিদ্যালয়ে উপবৃত্তি চালু করতে হবে। একই সঙ্গে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দিতে হবে। এ ছাড়া ভর্তির সময় সেশন ফি কমানোরও জোর দাবি জানান তাঁরা।