বেতন কমানো নিয়ে ক্ষুব্ধ পাইলটরা, বিমানের ফ্লাইট বিলম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান
প্রতীকী ছবি

বেতন-ভাতা কমানো নিয়ে ক্ষুব্ধ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটরা এবার আন্দোলনে নেমেছেন। তাঁরা বলছেন, চুক্তিতে থাকা কর্মঘণ্টার বাইরে আর ফ্লাইট পরিচালনা করবেন না।

তাঁদের এই অবস্থানের প্রভাব পড়েছে রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থাটির ফ্লাইটে। দোহাগামী বিমানের একটি ফ্লাইট সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। পাইলট যেতে অস্বীকৃতি জানালে সময়মতো ফ্লাইটটি ছাড়েনি। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাইগামী ফ্লাইটও নির্ধারিত সময়ে ছাড়েনি।

ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, পরে রাত সাড়ে নয়টায় দোহাগামী ফ্লাইটটি ছেড়ে গেছে। আর দুবাইগামী ফ্লাইটটি ছেড়ে গেছে রাত সোয়া আটটায়।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার প্রথম আলোকে বলেন, পাইলটদের এই ক্ষোভের বিষয়ে তাঁরা এখনো পর্যন্ত অবহিত নন। বেতন কাটা নিয়ে পাইলটদের অসন্তোষের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি তিনি।

এ বিষয়ে বক্তব্যের জন্য বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামালকে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

এ বিষয়ে বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিমান প্রশাসন পাইলটদের ‘মিথ্যা আশ্বাস’ দিয়েছিল। তারা বলেছিল, আগস্ট মাসে পাইলটদের বেতন সমন্বয় করা হবে। সেটি না করায় পাইলটেরা দুই মাস অপেক্ষা করেছেন। পাইলটরা এখন চাকরির চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৭৫ ঘণ্টা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবেন। এর বাইরে আর কাজ করবেন না।

মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এ মাসের শেষ দিকে অধিকাংশ পাইলটের ৭৫ ঘণ্টা ফ্লাই হয়ে গেছে। গত আগস্ট মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আশ্বাস দিয়েছিলেন, দ্রুত সময়ের মধ্যে বেতন–ভাতা সমন্বয় করা হবে। কিন্তু সেটি হয়নি। সে কারণেই পাইলটরা বাড়তি কাজ করবেন না। অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করে বিমানকে সহায়তা করার কিছু নেই।

করোনা পরিস্থিতিতে গত বছরের ৫ মে এক প্রশাসনিক আদেশে বিমানের কর্মকর্তা-কর্মচারী ও পাইলটদের বেতন কমানো হয়। এর মধ্যে পাইলটদের বেতন কমে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। বন্ধ হয় ওভারসিস অ্যালাউন্স, যা স্থায়ী বেতনের অংশ। ফলে মোট বেতন কমার হার দাঁড়িয়েছিল ৫৭ থেকে ৬৫ শতাংশ। এ ছাড়া বন্ধ হয় ওভারটাইম, প্রোডাকটিভিটি অ্যালাউন্স ও ফ্লাইং অ্যালাউন্স। এরপর চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে বিমান বেতন কর্তনের হার ১০ শতাংশ কমিয়ে আনে।

এরপর গত ১৩ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জারি করা এক আদেশে দেখা যায়, বিমানের বেতনক্রম ৬ থেকে তদূর্ধ্ব তথা সব কর্মকর্তা-কর্মচারীর বেতন কর্তনের হার কমিয়ে শূন্য করা হয়েছে। আর যেসব পাইলট ৫ থেকে ১০ বছর পর্যন্ত চাকরি করছেন, তাঁদের কর্তনের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর যাঁরা ১০ বছরের বেশি সময় কাজ করছেন, তাঁদের কর্তনের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে।

পাইলটরা বলছেন, তাঁদের মোট বেতনের ৪৮ শতাংশ সমন্বয় করা বাকি আছে। গত তিন মাসে বিমানের অন্য কর্মকর্তা–কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়েছে, কিন্তু পাইলটদের বেতনের বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বাপা সূত্র জানিয়েছে, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১৫৭ জন পাইলট আছেন। ক্ষুব্ধ পাইলটরা নির্ধারিত কর্মঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে চাচ্ছেন না। তাঁদের মাসে নির্ধারিত কর্মঘণ্টা হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইটে ৬০ ঘণ্টা ও আন্তর্জাতিক ফ্লাইটে ৭৫ ঘণ্টা।

বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) পক্ষ থেকেও গত ১৬ এপ্রিল বিমান কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে পাইলটদের হতাশা ও দাবির কথা জানানো হয়। এরপর পাইলটরা ৩০ জুলাই থেকে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছিলন। তখন তাঁদের বেতন-ভাতা সমন্বয়ের বিষয়ে বিমান প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়।

তবে আর সমন্বয় না হওয়ায় ক্ষুব্ধ পাইলটরা এবার আন্দোলনে গেলেন। তাঁরা বলছেন, করোনাকালে সম্মুখসারির যোদ্ধা হিসেবে তাঁরা স্বীকৃতি ও মর্যাদা পাননি। কিন্তু দায়িত্ব পালন করছেন সম্মুখসারির যোদ্ধা হিসেবেই। উপরন্তু কাটা হয়েছে বেতন-ভাতা, আবার দায়িত্ব পালন করতে হয়েছে অতিরিক্ত কর্মঘণ্টা।