বেতন কমানোয় বস্ত্র কারখানায় কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার একটি বস্ত্র কারখানায় বেতন কমানোর প্রতিবাদে গত শনিবার রাত থেকে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকেরা। গতকাল রোববারও কর্মসূচি অব্যাহত ছিল।
পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, মুলাইদ এলাকার নোমান শিল্প গ্রুপের সাদসান টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকদের বেতন কম দেওয়ার অভিযোগ ওঠে। কারখানা কর্তৃপক্ষ আগে ১২ ঘণ্টা কাজ করিয়ে একজন শ্রমিককে ১০ হাজার টাকা বেতন দিত। গত শনিবার কাজের সময় ও বেতন কমানোর চূড়ান্ত ঘোষণা দিলে শ্রমিকেরা রাত ১০টা থেকে কর্মবিরতি শুরু করেন। গতকাল সকালে শ্রমিকেরা কারখানার সামনে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ শুরু করেন। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রশাসন, মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনায় কোনো সমাধান হয়নি।
নোমান শিল্প গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনিক মহাব্যবস্থাপক নাসিম উদ্দিন সরকার জানান, আগে ১২ ঘণ্টা কাজ করিয়ে একজন শ্রমিককে ১০ হাজার টাকা দেওয়া হতো। বর্তমান সময়ে আট ঘণ্টার বেশি কাজ করানোর সুযোগ নেই। এ জন্য বেতন সাড়ে ছয় হাজার টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।