বেতন কমিশনের প্রতিবেদন আজ জমা পড়ছে
জাতীয় বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে জমা পড়ছে। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন অন্য সদস্যদের নিয়ে সকাল নয়টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে সুপারিশ-সংবলিত এ প্রতিবেদন হস্তান্তর করবেন।
বেসামরিক ১৩ লাখের বেশি সরকারি চাকরিজীবীর জন্য নতুন কাঠামোতে প্রায় দ্বিগুণ বেতন-ভাতার সুপারিশ থাকছে বলে জানা গেছে। আগামী বছরের জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে কয়েক মাস আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন।
কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল শনিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অর্থমন্ত্রীর কাছে রোববার সকালে প্রতিবেদন জমা দেবেন তিনি। এর আগে এ বিষয়ে কোনো কথা বলতে চান না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে চেয়ারম্যান করে ১৭ সদস্যের কমিশন ২০১৩ সালের ২৪ নভেম্বর গঠিত হয়, যার মেয়াদ শেষ হয় এ বছরের ১৫ ডিসেম্বর।
সূত্র জানায়, অর্থমন্ত্রী বিদেশে থাকায় কমিশনের প্রতিবেদন জমা দিতে পারছিল না কমিশন। তাই শেষ দিন আরও এক সপ্তাহ অর্থাৎ ২২ ডিসেম্বর পর্যন্ত কমিশনের মেয়াদ বাড়ায় অর্থ মন্ত্রণালয়।
নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরির ক্ষেত্রে বাবা-মাসহ ছয়জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় এবং দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন।