বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে তাদের সুপারিশগুলো বাস্তবায়নের পদ্ধতি ঠিক করতে মন্ত্রিপরিষদ সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ছয় সপ্তাহের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গতকাল বুধবার তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব।
কমিটি বেতন ও চাকরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করার পাশাপাশি ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০১৩’-এর প্রতিবেদন দেওয়ার পর তাও পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।