বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় কমিটি গঠন
বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নের পদ্ধতি ঠিক করতে মন্ত্রিপরিষদসচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে ছয় সপ্তাহের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আজ বুধবার তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং গৃহায়ণ ও গণপূর্তসচিব।
কমিটি বেতন ও চাকরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করার পাশাপাশি ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০১৩’-এর প্রতিবেদন দেওয়ার পর তা-ও পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে। অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
২১ ডিসেম্বর বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়। এতে সর্বনিম্ন ৮ হাজার ২০০ এবং সর্বোচ্চ ৮০ হাজার টাকা মূল বেতনের সুপারিশ করা হয়। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী রয়েছেন।