বেতন কমিশনের প্রতিবেদন বিজয় দিবসের আগে: ফরাসউদ্দিন
সরকারি চাকরিজীবীদের জন্য গঠিত জাতীয় বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন আগামী বিজয় দিবস বা তার আগে সরকারের কাছে দাখিল করা হবে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি মোহাম্মদ ফরাসউদ্দিন।
আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে কমিশনের তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ ফরাসউদ্দিন এ কথা বলেন। বৈঠকে কমিশনের সদস্য ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্যবিমা চালু করার চিন্তাভাবনা চলছে। পাশাপাশি তাঁদের সন্তানদের জন্য শিক্ষা-ভাতা দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। তবে বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
জাতীয় চাকরি ও বেতন কমিশনের মেয়াদ আগামী ১৭ জুন শেষ হওয়ার কথা। কিন্তু এই মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে বলে জানান ফরাসউদ্দিন।
দেশের ১৩ লাখ সরকারি চাকরিজীবীর জন্য জাতীয় বেতন ও চাকরি কমিশন, ২০১৩ গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত বছরের ২৪ নভেম্বর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। কমিশনের মোট ১৭ জন সদস্য রয়েছেন।