বেতনকাঠামো পাঁচ বছরের মধ্যে পরিবর্তন হবে না: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো শিগগিরই কার্যকর হবে। এই বেতনকাঠামো আগামী পাঁচ বছরের মধ্যে পরিবর্তন হবে না। চার থেকে পাঁচ বছর পরপর বেতনকাঠামো পুনর্বিন্যাস করা হলে বিষয়টির একটা ধারাবাহিকতা থাকবে।
আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বর্তমান সরকার পরপর দুবার ক্ষমতায় আসায় উন্নয়ন-কার্যক্রম বেগবান ও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, অর্থমন্ত্রীর ছোট ভাই এ কে মোমেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন বেতন কাঠামো নিয়ে শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের কোনোভাবে হয়তো মনে হয়েছে তাঁরা সচিবদের সমকক্ষ নন। তাঁরা বলেছেন, আমার সঙ্গে দেখা করবেন না। আমিও কোনো চেষ্টা করিনি। এরপর তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তবে সর্বশেষ কয়েকজন শিক্ষক আমার কাছে এসেছিলেন। আমি তাঁদের এ ব্যাপারে আশ্বস্ত করেছি।’ তিনি আরও বলেন, জ্যেষ্ঠ সচিব হচ্ছে মাত্র ১০টি পদ। তাঁদের বেতন কাঠামো একটু ভিন্ন ছিল। তবে শিক্ষকদের জন্যও জাতীয় অধ্যাপকের মতো মর্যাদাসম্পন্ন একটি পদ রয়েছে।
সিলেটের পুরোনো কারাগারটি নতুন স্থানে সরিয়ে নেওয়ার পর সেখানে একটি নান্দনিক উদ্যান করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, পুরোনো কারাগারের কিছু স্থাপনা ঐতিহ্যের কারণে অক্ষত রাখা হবে। সেখানে দৃষ্টিনন্দন পার্ক গড়ে তোলা হবে। এ ছাড়া এখানে একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারারুদ্ধ ছিলেন, সেটিও অক্ষত রেখে দৃষ্টিনন্দন পার্কের নকশা তৈরি করা হবে।
সিলেট শহরে দাপিয়ে বেড়ানো নিষিদ্ধঘোষিত ‘ইজিবাইক’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আইন আছে, অথচ বাস্তবে প্রয়োগ হচ্ছে না। আমি একাধিকবার এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি। তবে পাশাপাশি স্থানীয় প্রশাসনকে চাপে রাখতে নাগরিক উদ্যোগ গ্রহণ করতে হবে।’ দেশে গ্যাসের মজুত কম রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, নতুন করে বাসাবাড়িতে আর গ্যাসের সংযোগ দেওয়া হবে না।
মতবিনিময়ের শেষ দিকে অর্থমন্ত্রী তাঁর ছোট ভাই এ কে মোমেনকে পরিচয় করিয়ে দেন। এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন বলেন, ‘আমি সিলেটের সন্তান। সিলেটে ফিরে এসেছি। এখানকার সবাইকে নিয়ে কাজ করতে চাই। আশা করছি, আপনারা (সাংবাদিক) সঙ্গেই থাকবেন।’
এর আগে বেলা সাড়ে ১১টায় অর্থমন্ত্রী নগরের রিকাবীবাজার এলাকায় কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। তিনি বলেন, ২০১৮ সালের মধ্যেই জাতিসংঘের বিশেষ কমিটির সভায় বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাবে। কর্মীসভায় সভাপতিত্ব করেন মহানগর আ. লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
আওয়ামী লীগ সরকারের আমলে দেশে নিরবচ্ছিন্ন উন্নয়ন হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ওই সময় বেগম খালেদা জিয়া উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন। দেশব্যাপী জ্বালাও-পোড়াও করেছেন। তারপরও স্বল্প উন্নত ৪৮ দেশের মধ্যে শিক্ষা, শিল্প, কৃষি ও মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ প্রথম সারিতে রয়েছে।