বেতন চাওয়ায় তিন দিন আটকে রেখে নির্যাতন!
চাকরির বেতন আনতে মালিকের বাসায় গিয়েছিলেন সুজন (২৮)। কিন্তু মালিক তাঁকে বেতন তো দেনইনি উল্টো টানা তিন দিন আটকে রেখে তাঁর ওপর আমানবিক নির্যাতন চালান। পুলিশ গতকাল শনিবার রাজধানীর পল্টন থানার শান্তিনগরের ওই বাসা থেকে সুজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। তবে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সুজন মা-বাবা ও স্ত্রী-সন্তান নিয়ে রাজধানীর মতিঝিল থানার দক্ষিণ শাহজাহানপুরের একটি বাসায় থাকেন। তিনি ‘আনিকা’ নামে একটি ফিল্টারের পানি বাজারজাতকারী প্রতিষ্ঠানে তিন হাজার টাকা বেতনে চাকরি করেন। গত তিন মাস ওই প্রতিষ্ঠান থেকে কোনো বেতন না পাওয়ায় তিনি প্রতিষ্ঠানের মালিক মোশাররফ হোসেনকে বারবার তাগাদা দিচ্ছিলেন। একপর্যায়ে গত বৃহস্পতিবার মোশাররফ হোসেন তাঁকে তাঁর শান্তিনগর এলাকার ১০ নম্বর চামেলীবাগের বাসায় আসতে বলেন। বাসায় গেলে মালিক ও তাঁর স্ত্রী নাহিদা ওরফে নূপুর সুজনকে একটি কক্ষে বন্দী করে রেখে শারীরিক নির্যাতন চালান। গতকাল শনিবার বিকেলে সুজনের বাবা মোশাররফ হাওলাদার এসে এ ব্যাপারে অভিযোগ করেন। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী প্রথম আলোকে জানান, মোশাররফ হোসেন পলাতক। তবে, সুজনকে উদ্ধার করতে গেলে তাঁর স্ত্রী নাহিদা তাঁর (এসআই) সঙ্গে দুর্ব্যবহার করেন। নাহিদা নিজেকে ‘পুলিশ কমিশনার অফিসের কর্মচারী’ পরিচয় দিয়ে তাঁকে দেখে নেওয়ারও হুমকি দেন। গতকাল রাত সোয়া ১২টার দিকে যোগাযোগ করা হলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, এ ব্যাপারে মালিক মোশাররফ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে, আসামির তালিকায় মালিকের স্ত্রীর নাম নেই বলে তিনি জানান। মালিকের স্ত্রীর বিরুদ্ধে সুজনকে আটকে রাখা এবং এসআইয়ের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ থাকা সত্ত্বেও তাঁকে কেন আসামি করা হলো না জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করতেই পারে।’