বেতন ছয় টাকা জমা দিতে খরচ চার টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের ল্যাবরেটরি স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছয় টাকা বেতন দিতে আরও চার টাকা খরচ করতে হচ্ছে। গত মাস থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন আদায়ের নতুন পদ্ধতি চালু করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর সার্ভিস চার্জ হিসেবে এই টাকা নেওয়া হচ্ছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
অভিভাবকদের অভিযোগ, মন্ত্রণালয়ে একটি আদেশ দেখিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ফার্স্ট পে শিওরক্যাশ’ পদ্ধতিতে গত মার্চ থেকে শিক্ষার্থীদের মাসিক বেতন আদায়ের জন্য এই পদ্ধতি নির্ধারণ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তারা জানায়, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীর কাছ থেকে বেতন বাবদ সরকারের খাতে ছয় টাকা জমা হয়। এর সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের টিফিন বাবদ ৪০ টাকা নেয়। এবার আবার অত্যাবশ্যকীয় কর্মচারী খাতে আরও ৩০ এবং কম্পিউটার খাতে আরও ২০ টাকা অতিরিক্ত ফি ধার্য করা হয়েছে। এ জন্য গত মার্চ মাসে একজন শিক্ষার্থীর কাছ থেকে মোট ৯৬ টাকা আদায় করা হয়। এক দিন দেরি হলে তাদের কাছ থেকে আরও এক টাকা অতিরিক্ত আদায় করা হয়। এর মধ্যে সরকার মাত্র ছয় টাকা পাচ্ছে। রাজশাহীতে আরও পাঁচটি সরকারি বিদ্যালয় রয়েছে। তারা কেউ এই পদ্ধতি চালু করেনি।
এই পদ্ধতি চালুর জন্য শিক্ষার্থীদের ওই ব্যাংকের একটি ফরম দেওয়া হয়। ফরম পূরণ করে তাদের একটি হিসাব খুলতে হয়েছে। অভিভাবকদের প্রথমে ‘ফার্স্ট পে শিওরক্যাশ’ এজেন্টের কাছে গিয়ে মুঠোফোনে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে নিতে হয়। তারপর নিজের ফোন থেকে নির্দিষ্ট হিসাব নম্বরে টাকা পাঠাতে হয়।
অভিভাবকেরা বলছেন, ব্যাংকের এজেন্ট সব জায়গায় নেই। এ জন্য তাঁদের হয়রানি হতে হচ্ছে। আবার অধিকাংশ সময় নেটওয়ার্ক ব্যস্ত দেখাচ্ছে। এ জন্য ইচ্ছে করলেই যখন-তখন বেতন পরিশোধ করা যাচ্ছে না। আবার টাকা জমা হলেও এ জন্য তাঁরা কোনো রসিদ হাতে পাচ্ছেন না। একটা ফিরতি খুদেবার্তা মুঠোফোনে আসার কথা কিন্তু পর্যাপ্ত ‘মেমোরি’ না থাকলে বার্তাও আসতে পারে না। কোনো কারণে বার্তাটি মুছে গেলে বেতন পরিশোধের কোনো প্রমাণই থাকে না।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, সরকারি নির্দেশ পেয়েই তাঁরা এই পদ্ধতি চালু করেছেন। কিন্তু এ নিয়ে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এখনো বেশ কিছু অভিভাবক হিসাব খোলেননি। গত মাসে তাঁরা রসিদের মাধ্যমেই জমা দিয়েছেন। তিনি বলেন, অভিভাবকেরা না চাইলে এই পদ্ধতি বাতিল করা হবে। আর অত্যাবশ্যকীয় কর্মচারী ও কম্পিউটার বাবদ ধার্য করা অতিরিক্ত ৫০ টাকাও আগামী মাস থেকে আর আদায় করা হবে না।