বেতন তুলতে পারছেন না শিক্ষক-কর্মচারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী সরকারি কলেজের অধ্যক্ষের পদ নিয়ে সৃষ্ট জটিলতার কারণে অক্টোবর মাসের বেতন-ভাতা পাননি ৫৪ জন শিক্ষক ও কর্মচারী। সাবেক অধ্যক্ষের আপত্তির কারণে ৮ নভেম্বর ব্যাংক থেকে টাকা তুলতে পারেননি শিক্ষক ও কর্মচারীরা।
ভুক্তভোগী শিক্ষকেরা জানান, শিক্ষক ও কর্মচারীদের বেতনের কাগজে কে স্বাক্ষর করবেন—এ সংক্রান্ত জটিলতায় কলেজের ৪৪ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী অক্টোবর মাসের বেতন তুলতে পারেননি। বেতন-ভাতা বাবদ এ অর্থের পরিমাণ প্রায় ১৩ লাখ ৮৪ হাজার টাকা।
কলেজ প্রশাসন সূত্র জানায়, গত ৭ এপ্রিল আমতলী ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হয়। জাতীয়করণের পর ৩০ জুন বরিশালের সরকারি ফজলুল হক কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রেজাকে অধ্যক্ষ হিসেবে আমতলী সরকারি কলেজে নিয়োগ দেওয়া হয়। ১১ জুলাই তিনি এ কলেজে যোগ দেন।
সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমান নতুন অধ্যক্ষ মাসুদ রেজার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ৬ সেপ্টেম্বর শুনানি শেষে মাসুদ রেজার নিয়োগ স্থগিত করে সরকারের প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেন।
একপর্যায়ে মাসুদ রেজাকে ১৩ অক্টোবর রাঙামাটি সরকারি কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়। তাঁর বদলির পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার কাগজে কে স্বাক্ষর করবেন তা নিয়ে নতুন জটিলতা শুরু হয়। অন্যদিকে সাবেক অধ্যক্ষ মজিবুর রহমান নিজেকে অধ্যক্ষ দাবি করে সোনালী ব্যাংকের আমতলী শাখায় তাঁর স্বাক্ষর ছাড়া শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা না দেওয়ার জন্য একটি লিখিত আবেদন করেন। ৮ নভেম্বর বেতন তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ শিক্ষক-কর্মচারীদের ফিরিয়ে দেয়।
মজিবুর রহমান বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আমি এখন কলেজের বৈধ অধ্যক্ষ। আমার স্বাক্ষর ছাড়া কেউ বেতন-ভাতার টাকা তুলতে পারবেন না। এ পর্যন্ত আমার কাছে কেউ স্বাক্ষর নিতে আসেননি।’