বেতন তুলতে পারলেন না তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে পারেননি। উপাচার্য পদত্যাগ করার পর নতুন উপাচার্য নিয়োগ না দেওয়ায় তাঁর স্বাক্ষরের অভাবে এমনটা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। একই সঙ্গে সমস্যা সমাধানে নতুন উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।

গত ১৪ মার্চ সাবেক উপাচার্য মো. রফিকুল হকের সঙ্গে তৃতীয় শ্রেণির এক নারী কর্মচারীর কথোপকথনের অডিও ক্লিপ ও বেশ কয়েকটি স্থিরচিত্র ফাঁস হয়। উপাচার্যের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৬১টি গুরুত্বপূর্ণ পদ থেকে শিক্ষকেরা পদত্যাগ করেন। এরপর গত ৭ এপ্রিল শিক্ষকদের দাবির মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন উপাচার্য মো. রফিকুল হক।

নাম প্রকাশ না করে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের একজন কর্মকর্তার দেওয়া তথ্যমতে, স্থায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে ওই মাসের ২০ তারিখের দিকে উপাচার্যের স্বাক্ষরের দরকার হয়। কিন্তু নতুন উপাচার্য নিয়োগ না দেওয়ার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন তোলার কাগজে কেউ স্বাক্ষর করেননি, তাই তাঁরা বেতনও তুলতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল খালেক বলেন, উপাচার্য ছাড়া বেতন প্রদান করা সম্ভব নয়। আর অর্থবছরের শেষের দিকে বিশ্ববিদ্যালয় কোষাগারে কিছুটা ঘাটতি থাকে। এটার সমাধানও উপাচার্য করে থাকেন। তবে কোনোভাবে কর্মচারীদের বেতনের কিছু অংশ দেওয়া যায় কি না, এ বিষয়ে কোষাধ্যক্ষের সঙ্গে আলোচনা চলছে।

নতুন উপাচার্য নিয়োগ না হওয়ায় ৬১টি প্রশাসনিক পদ থেকে শিক্ষকদের পদত্যাগের বিষয়টিও সুরাহা হয়নি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সব কাজে স্থবিরতা বিরাজ করছে।

কৃষি অনুষদের ফসল-উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আলমগীর হোসেন বলেন, উপাচার্য না থাকায় বেতন হচ্ছে না। উপাচার্য নিয়োগের সঙ্গে সঙ্গেই বিষয়টির সমাধান সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, বেতন না পাওয়ায় অনেক কর্মকর্তা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। কাজে অনীহা সৃষ্টি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী আইনুল হক বলেন, বেতন না পেয়ে কর্মচারীরা ক্ষুব্ধ। এ জন্য কর্মচারী সমিতির পক্ষে সভা ডাকা হয়েছে।
চতুর্থ শ্রেণির কর্মচারী আবদুল খালেক বলেন, ‘আমাদের সংসার ওই স্বল্প বেতনের ওপর চলে। মাস শেষে ওই বেতনের দিকেই আমদের তাকিয়ে থাকতে হয়। গত মাসের বেতন না পাওয়ায় আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
নির্ধারিত সময়ে কর্মচারীদের বেতন না পাওয়ার আশঙ্কায় গত ২৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে নতুন উপাচার্য নিয়োগের দাবি জানায় শিক্ষক সমিতি। এর পরেও উপাচার্য নিয়োগ না দেওয়ায় ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেতন না পাওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছেন শিক্ষক প্রতিনিধিরা।
সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, কর্মচারীদের বেতন দিতে না পারলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শিগগির উপাচার্য নিয়োগ দেওয়া জরুরি।