বেতন দেওয়া হবে ৬ ডিসেম্বর
আশুলিয়ার পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডের কর্মীদের বেতন ৬ ডিসেম্বর দেওয়া হবে। তার আগে আজ সোমবার শ্রমিকদের নামের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। গতকাল রোববার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। এরপর মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ৬ ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া হবে। গত শনিবার বেতন দেওয়ার কথা থাকলেও কেন দেওয়া হয়নি—এর জবাবে মন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বেতন টঙ্গীতে (ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইনস্টিটিউট প্রাঙ্গণ) দিতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে ভুয়া একটি তালিকা দেখানো হচ্ছিল বলে দেওয়া যায়নি।’ মন্ত্রী বলেন, ‘আমাদের তালিকা অনুযায়ী, শ্রমিক হওয়ার কথা এক হাজার ৬৬। কিন্তু ভুয়া তালিকায় সেখানে তিন হাজার ৩০০ কর্মী দেখানো হয়।’এ বিষয়ে গতকাল বিজিএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ডিসেম্বর শ্রম মন্ত্রণালয়ে শ্রমমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি সভা হবে। এ সভার সিদ্ধান্তের আলোকে ৬ ডিসেম্বর তাজরীন কারখানা প্রাঙ্গণ অথবা ওই এলাকায় থেকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।শ্রমমন্ত্রী সাংবাদিকদেরও একই ধরনের কথা বলেন। আইন অনুযায়ী, তিন মাস ১৩ দিন এবং এক মাসের বকেয়া বেতন দেওয়ার কথা। চিকিৎসা-সহায়তা: বিজিএমই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত শ্রমিকদের মধ্যে কেউ কেউ যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এসব শ্রমিকের চিকিৎসার জন্য বিজিএমইএর কার্যালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) অবসরপ্রাপ্ত উইং কমান্ডার মো. জগলুল হায়দার বরাবরে (মুঠোফোন ০১৮১৭০৪৪৬৭৭) এবং ৮১৪০৩১০ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।