
শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে চট্টগ্রামের আন্দরকিল্লার একটি পোশাক কারখানা বন্ধ করে এক মালিক পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বেতন পরিশোধের দাবিতে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা কারখানা সংলগ্ন নগরের নজির আহমদ সড়ক অবরোধ করে রাখেন। পরে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন তাঁরা।
আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, তাকওয়া অ্যাপারেলস নামের পোশাক কারখানাটিতে প্রায় দেড় শ শ্রমিক কাজ করেন। কিন্তু তাঁদের ফেব্রুয়ারি ও মার্চের বেতন না দিয়ে গত সপ্তাহে কারখানা বন্ধ করে পালিয়ে যান মালিক কবির হোসেন। প্রতিবাদে তখন একবার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। ওই সময় মালিককে খুঁজে বের করার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছিলেন। তখন তাঁরা এক সপ্তাহের মধ্যে বেতন পরিশোধের সময়সীমা বেঁধে দেন। গতকাল রোববার ওই মেয়াদ শেষ হলে আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা। তবে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
কারখানার শ্রমিকেরা জানান, এক সপ্তাহ আগে মালিকের লোকজন কারখানায় তালা লাগিয়ে দেন। এখন মালিকপক্ষ যাতে কারখানার যন্ত্রপাতি সরিয়ে নিতে না পারে, সে জন্য তাঁরা পালা করে কারখানা পাহারা দিচ্ছেন।
ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী প্রথম আলোকে বলেন, পুলিশ, শিল্প পুলিশ, শ্রম অধিদপ্তর ও শ্রমিকদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে এক সপ্তাহের মধ্যে কারখানার মালামাল বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য মালিকপক্ষের লাগানো তালা ভেঙে নতুন করে কারখানায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আর কারখানার যন্ত্রপাতির একটি তালিকা তৈরি করা হয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, কারখানার মালিক কবির হোসেনকে পাওয়া যাচ্ছে না। তাঁকে খোঁজা হচ্ছে।