বেতন না দেওয়ায় পোশাক কারখানার মালিক কারাগারে
শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রপ্তানিমুখী পোশাক কারখানার এক মালিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শিল্প পুলিশ-৪-এর সহকারী পরিচালক (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া উইং) এস এম মিজানুর রহমান বলেন, রূপগঞ্জের তারাব এলাকায় অবস্থিত রপ্তানিমুখী শিল্পকারখানা ফিউচার ক্লোথিং লিমিটেডের মালিক উৎপাদন কম হওয়ার অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধ করে গা ঢাকা দেন। এ ঘটনায় গত মঙ্গলবার কারখানার মালিক শাহজাহানকে রাজধানীর মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা-পুলিশের কাছে সোপর্দ করে শিল্প পুলিশ। পরদিন বুধবার আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে ফিউচার ক্লোথিং লিমিটেডের মালিক শাহজাহানকে বুধবার বেলা ১১টার দিকে আদালতে হাজির করা হলে কারখানার শ্রমিকেরা আদালত চত্বরের বাইরে বিক্ষোভ করেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কারখানার শ্রমিক বাবুল, মালেকা বেগম প্রমুখ। বক্তারা বলেন, ফিউচার ক্লোথিংয়ের মালিক শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা বাবদ ৪২ লাখ টাকা পরিশোধ না করে কারখানা তালাবদ্ধ করে পালিয়েছেন।